বিএনপির ৩৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় করা মামলায় নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন পর্যায়ের ৩৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে মুখ্য বিচারিক হাকিম শহিদুল ইসলামের আদালতে এই অভিযোগ গঠন করা হয়। মামলার পরবর্তী তারিখ আগামী ৪ জানুয়ারি ধার্য করা হয়েছে। মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার শুনানিতে অংশ নেন।
তৈমুর আলমসহ সাবেক সাংসদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সহসভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
তৈমুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা খালেদা জিয়ার নির্দেশে হেফাজতের সমাবেশে খাবার ও পানি পরিবেশন করেছিলাম। নিম্ন আদালত এখন সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। আমাদের ওপর অবিচার করা হচ্ছে। আমরা এই অভিযোগের বিষয়ে উচ্চ আদালতে আপিল করব।’
২০১৩ সালের ৬ মে সিদ্ধিরগঞ্জে হেফাজতের সমাবেশে আসা নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। পরে ওই ঘটনায় মামলা হয়।