বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী খালেদা জিয়া। তিনি দলের চেয়ারপারসন।
৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে দলের সর্বস্তরের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে। ৫ জানুয়ারির তামাশার নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়। দেশবিরোধী নানা চুক্তি ও কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চলেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। পথেঘাটে শুধু লাশের মিছিল। বিদ্যুৎ-গ্যাস-পানি নিয়ে হাহাকার চারদিকে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশজুড়ে গণহত্যা, গুম, গুপ্তহত্যা, নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নিপীড়ন ও নির্যাতনের মহোৎসব চলছে। শুধু তাই নয়, ঈদুল আজহার প্রাক্কালে একের পর এক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের গুম হওয়ায় চারদিকে ভয় ও আতঙ্ক পরিব্যাপ্ত হয়েছে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজমান।’
খালেদা জিয়া বলেন, ‘জনগণের অধিকার আদায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণীতে বলেছেন, ‘বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের দলকে আরও গতিশীল করার ক্ষেত্রে মনেপ্রাণে কাজ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।’