বিএনপির ৫০০ জনের আ.লীগে যোগদান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গতকাল শনিবার বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শহরের শহীদ সাটু হলে সদর আসনের সাংসদ আবদুল ওদুদের উপস্থিতিতে ওই নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।
প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগ নেতা-কর্মী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চর অনুপনগর ইউনিয়ন শাখার সভাপতি শাহান শাহ আকবরের নেতৃত্বে চর অনুপনগর ইউনিয়নের তিন শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। একই সময় দলটির বালিয়াডাঙ্গা ইউনিয়নের ২০০ সাধারণ কর্মী আওয়ামী লীগে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে শাহান শাহ আকবর বলেন, ‘জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদ জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আনুগত্য প্রকাশ করতে আওয়ামী লীগে যোগদান করেছি। আসিফা আশরাফী মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কুকুর-বিড়ালের মতো আচরণ করেন। এর প্রতিবাদ জানিয়ে এর আগেও বহু নেতা-কর্মী দল ত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন।’ তিনি আরও বলেন, চর অনুপনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছাড়া কমিটির সবাই আওয়ামী লীগে যোগ দিয়েছে। মোট তিন শতাধিক নেতা-কর্মী তাঁর নেতৃত্বে আওয়ামী লীগে যোগদান করেছেন। এ ছাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলম আলীও আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ আবদুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল মাহমুদ খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সান্ত্বনা হক প্রমুখ।
আবদুল ওদুদ জানান, বিএনপির সাবেক সাংসদ হারুনূর রশিদ ও তাঁর স্ত্রী আসিফা আশরাফীর নেতৃত্বের প্রতি আরও অনেক নেতা-কর্মী ক্ষুব্ধ ও বিরক্তবোধ করছেন। তাঁদের অনেকেই আওয়ামী লীগে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ভবিষ্যতে বিএনপির আরও অনেকে আওয়ামী লীগে যোগ দেবেন।
এ ব্যাপারে সৈয়দা আসিফা আশরাফী প্রথম আলোকে বলেন, ‘শাহান শাহ আকবরের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ ছিল। এ কারণে দুই মাস আগেই চর অনুপনগর ইউনিয়ন কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে তাঁর কোনো পদ নেই। সুবিধাবাদী অবস্থান থেকে ক্ষমতাসীন দলে যোগ দিতে অজুহাত হিসেবে আমার বিরুদ্ধে কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে।’