ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃণমূলের পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ প্রায় ৫০০ নেতা-কর্মী গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদানকারীরা ফুলপুর আসনের বিএনপির সাবেক সাংসদের বিরুদ্ধে টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়ার অভিযোগ করেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদরের ময়মনসিংহ-শেরপুর সড়কের গোলচত্বর এলাকায় রামভদ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মাস্টারসহ নেতা-কর্মীরা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।
এ সময় বিএনপির নেতা-কর্মীদের পক্ষ থেকে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম, যুগ্ম আহ্বায়ক শশধর সেন বিএনপির নেতা-কর্মীদের বরণ করেন।
দলত্যাগী বাবুল মাস্টারসহ বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, রামভদ্রপুর ইউনিয়নের তৃণমূলের নেতা-কর্মীরা চেয়ারম্যান পদে সমর্থন দেয় উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক খালেদ মোশাররফ ওরফে সোহাগকে।
কিন্তু ময়মনসিংহ-২ (ফুলপুর) আসনের বিএনপির সাবেক সাংসদ শাহ শহীদ সরোয়ার নিজের ইচ্ছায় বর্তমান চেয়ারম্যান রোকনুজ্জামানকে মনোনয়ন পাইয়ে দেন।
শাহ শহীদ সরোয়ারের বিরুদ্ধে রোকনুজ্জামানের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করেন দলত্যাগী নেতারা।
জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, শাহ শহীদ সরোয়ার কখনোই তৃণমূলের নেতাদের মতামত মানেন না।
অভিযোগ অস্বীকার করে শাহ শহীদ সরোয়ার বলেন, ‘একটা মহল সব সময় আমার বিরুদ্ধে অপপ্রচার করে। তারাই আসলে বিএনপির মঙ্গল চায় না। ফুলপুর পৌরসভা নির্বাচনে মেয়র মনোনয়নের সময়ও তাঁরা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। পরে আমার পছন্দের বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী বিজয়ী হয়েছে। এবারও সঠিক ব্যক্তিকে কেন্দ্র থেকে মনোনয়ন দিয়েছে।