বিএনপির ৫৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে বিএনপির ২০৫ জন প্রার্থীর হলফনামায় দেওয়া সম্পদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দলের অন্তত ৫৬ জন প্রার্থী কোটিপতি। আর ৬৪ জন প্রার্থীর সম্পদের পরিমাণ খুবই কম। তবে প্রার্থীদের মধ্যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন ৭৩ জন। ঋণের পরিমাণ এক লাখ থেকে ৭২ কোটি টাকা পর্যন্ত।
দেশের ২৩৪টি পৌরসভায় ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপির ২২২ জন মেয়র পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে অংশ নিতে প্রার্থী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যক্তিগত সাতটি তথ্য হলফনামার মাধ্যমে দিয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে হলফনামাগুলো সংগ্রহ করা হয়েছে। ওয়েবসাইটে থাকা হলফনামা অস্পষ্ট থাকা এবং সব হলফনামা ওয়েবসাইটে না দেওয়ার কারণে বিএনপির ১৭ জন প্রার্থী সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।
অবশ্য হলফনামায় প্রার্থীদের সম্পদের তথ্য নিয়ে নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিন্নমত আছে। তাঁদের অনেকেই মনে করেন, প্রার্থীরা সব সময় সঠিক তথ্য দেন না। এ কারণে প্রার্থীদের সম্পদের সঠিক তথ্য জানা যায় না। সুশাসনের জন্য নাগরিক—সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, হলফনামায় প্রার্থীরা সঠিকভাবে সম্পদের তথ্য লেখেন না। ফলে এটি দেখে প্রার্থীর আর্থিক অবস্থা নিরূপণ করা যায় না। তিনি বলেন, নির্বাচন কমিশন কঠোর নজরদারি রাখলে একসময় প্রার্থীরা সম্পদের তথ্য সঠিকভাবে লিখবেন। তখন তথ্য দেওয়ার উদ্দেশ্য বাস্তবায়িত হবে।
প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০৫ জন মেয়র পদপ্রার্থীর মধ্যে ১০৯ জনের বিরুদ্ধে মামলা আছে। ২৭ জনের বিরুদ্ধে অতীতে মামলা ছিল। ৯৭ জনের বিরুদ্ধে এখন বা আগে কখনোই কোনো ফৌজদারি মামলা হয়নি। মামলা থাকা প্রার্থীদের মধ্যে হত্যা বা হত্যাচেষ্টার মামলা আছে ১৬ জনের বিরুদ্ধে। একজন একটি হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা আছে কয়েকজনের বিরুদ্ধে। তবে বেশির ভাগের বিরুদ্ধে বিস্ফোরক, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা, নাশকতার কারণে মামলা হয়েছে। ৩৪ জনের বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে মামলা হয়েছে। এই মামলাগুলো বিচারাধীন আছে।
এ ছাড়া বিএনপির প্রার্থীদের মধ্যে ব্যবসায়ীদের আধিক্য বেশি। ২০৫ জনের মধ্যে পেশায় ব্যবসায়ী ১২৯ জন। এরপর কৃষিজীবী। এই সংখ্যা ২৮। ঠিকাদারি পেশায় আছেন ১৮ জন মেয়র পদপ্রার্থী। এ ছাড়া আইনজীবী, শিক্ষক ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরেরাও প্রার্থী হয়েছেন। প্রার্থীদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন এমন প্রার্থীর সংখ্যা ৮৯। আর অক্ষরজ্ঞানসম্পন্ন বা স্বশিক্ষিত প্রার্থী আছেন ২৬ জন। অন্যরা এসএসসি ও এইচএসসি পাস করেছেন। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন এমন প্রার্থীর সংখ্যা ১৪ জন।
কোটিপতি প্রার্থীরা: কুড়িগ্রাম সদর পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী নূর ইসলাম। তাঁর কাছে নগদ ৮৮ লাখ টাকা রয়েছে। আর ব্যাংকে আছে ১৪ লাখ টাকা। তাঁর স্ত্রীর নিজ নামে ৮ লাখ টাকা ও ব্যাংকে আছে ১২ লাখ টাকা। নিজের ও স্ত্রীর নামে ৪০ ভরি সোনার গয়না আছে। তাঁর আয়ের উৎস ব্যবসা ও কৃষিকাজ।
সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেনের রাজধানীর সিদ্ধেশ্বরীতে ছয়তলা একটি ভবন আছে। এ ছাড়া গাড়ি ও নগদ টাকা আছে তাঁর। বেতাগীর হুমায়ুন কবিরের সম্পদের পরিমাণ ৩ কোটি ৬০ লাখ টাকার। পটিয়ার তৌহিদুল আলমের সম্পদের পরিমাণ ২ কোটি টাকার বেশি। যশোরের মারুফুল ইসলাম সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি টাকার।
বোয়ালমারী পৌরসভার মেয়র পদপ্রার্থী শুকুর শেখের নিজের চেয়ে স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদের পরিমাণ বেশি। যৌথ মালিকানায়ও তাঁর বিপুল সম্পদ আছে। এই প্রার্থীর ব্যাংকে টাকা আছে পৌনে চার লাখ। এ ছাড়া একটি ট্রাক, একটি ট্রাক্টর, আট একর কৃষিজমি, পাঁচটি বাণিজ্যিক দালান রয়েছে শুকুর শেখের। তাঁর সন্তানদের নামে তিনটি ট্রাক্টর, যৌথ মালিকানায় ৬৪ একর জমি, অকৃষিজমি দেড় একর, স্ত্রীর নামে ১০ শতাংশ অকৃষিজমি এবং যৌথ মালিকানায় জমি ও বাড়ি আছে। তাঁর ঋণ আছে ৯০ লাখ টাকা।
ছেংগারচর পৌরসভার সারোয়ারুল আবেদিনের ঢাকার মোহাম্মদপুরে ছয়তলা একটি বাড়ি আছে। তিনি এর দাম উল্লেখ করেছেন ১ কোটি ৩০ লাখ টাকা। এ ছাড়া নগদ টাকা, সোনা, যৌথ মালিকানায় একটি বাড়ি এবং নিজের নামে কৃষি ও অকৃষিজমি আছে।
মাধবদী পৌরসভার বর্তমান মেয়র মো. ইলিয়াস। তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির মধ্যে আছে প্রায় ২ কোটি টাকার বন্ড, নগদ ১৭ লাখ টাকা, ব্যাংকে সাড়ে ৬ লাখ টাকা, একটি গাড়ি, ৬ লাখ টাকার সঞ্চয়ী আমানত, যৌথ মালিকানায় আছে ৩৫ শতক কৃষিজমি, ১৩৫ শতক অকৃষিজমি, তিনটি বাড়ি, দুটি মার্কেট। এ ছাড়া নির্ভরশীলদের নামে একটি অ্যাপার্টমেন্ট।
মধুপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী শহীদুল ইসলামের একটি হোটেল, ২৫টি দোকান, দুটি ফ্ল্যাট এবং নির্মাণাধীন একটি বাড়ি আছে। তবে নগদ টাকা আছে মাত্র ৫ লাখ। এ ছাড়া সাড়ে ১১ একর জমি ও স্ত্রীর নামে এক একর অকৃষিজমি ও দুটি বাড়ি আছে।
টাঙ্গাইল পৌরসভার মাহমুদুল হকের কাছে নগদ টাকা আছে ১ কোটি ১০ লাখ। তাঁর ব্যাংকে আছে ১০ লাখ টাকা, ২ লাখ টাকার বন্ড। এ ছাড়া ১০ একরের বেশি জমি ও একটি বাড়ি আছে এই প্রার্থীর। বগুড়ার শেরপুরে মেয়র পদপ্রার্থী স্বাধীন কুমার কুন্ডুর নিজের ও স্ত্রীর নামে নগদ আছে ৩২ লাখ টাকা। গয়না আছে ৭৫ ভরি। এ ছাড়া অকৃষিজমি ও বাড়ি আছে তাঁর। সাভারের বদিউজ্জামানের ৯৮ লাখ টাকার সম্পদ ও ৪০ ভরি সোনা আছে। অবশ্য তাঁর ঋণ আছে ৭৫ লাখ টাকা।
সান্তাহার পৌরসভার তোফাজ্জল হোসেনের একটি বাস, একটি দালান, একটি ফ্ল্যাট এবং যৌথ মালিকায় তিনটি বাড়ি আছে। হাজীগঞ্জ পৌরসভার আবদুল মান্নান খানের ব্যাংকে ঋণ আছে ৩ কোটি ৭৫ লাখ টাকার। তাঁর সম্পদের মধ্যে আছে ঢাকায় একটি ফ্ল্যাট, ২০ লাখ টাকার গাড়ি, ২০ ভরি সোনা, আটতলা একটি ভবন। এ ছাড়া নিজ নামে ও স্ত্রীর নামে জমি রয়েছে তাঁর। তবে নগদ টাকা আছে মাত্র আড়াই লাখ।
নগদ টাকা ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে কোটি টাকা আছে এমন প্রার্থীর মধ্যে আছেন বান্দরবানের জাবেদ রেজা। নাটোরের শেখ এমদাদুল হক আল মামুনের স্ত্রীর নামে ২০ লাখ টাকা, ব্যক্তিগত গাড়ি, ২০ ভরি সোনা, চারতলা দুটি বাড়ি, একটি টিনশেড বাড়ি, দুটি আবাসিক বাড়ি ও বাণিজ্যিক জায়গা আছে।
ঠাকুরগাঁওয়ের মির্জা ফয়সাল আমীনের ৩৫ লাখ টাকা নগদ, স্ত্রীর নামে নগদ সাড়ে ২৪ লাখ ও ব্যাংকে ২৪ লাখ, স্ত্রীর ৭৫ ভরি সোনা, সাড়ে ছয় একর কৃষিজমি, ৫৯ শতক অকৃষিজমি, দোতলা বাড়ির অংশ আছে। রায়পুরের এ বি এম জিলানীর একটি পিকআপ ও একটি ট্রাক আছে। নিজের চার লাখ টাকা নগদ, স্ত্রী ও নির্ভরশীলদের নামে ৬০ লাখ টাকা পুঁজি, কৃষিজমি নিজস্ব পাঁচ একর ও যৌথ মালিকানায় ২৮৮ শতাংশ, অকৃষিজমি নিজস্ব ২২ শতাংশ ও ৩২৪ শতাংশ যৌথ মালিকানায়, তিনটি ভবন নিজ নামে, একটি ভবন স্ত্রীর নামে আছে।
জীবননগরের নোয়াব আলীর নগদ আছে ২৪ লাখ, স্ত্রীর আছে নগদ ১৪ লাখ। নিজের নামে নয় ভরি ও স্ত্রীর নামে চার ভরি সোনা, একটি করে ট্রাক ও ব্যক্তিগত গাড়ি, কৃষি ও অকৃষিজমি ৩২ বিঘা। তাঁর ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ আছে। এ ছাড়া সাতক্ষীরার তাজকিন আহমেদের নগদ আছে ১ কোটি টাকা। দুটি বাড়ি ও একটি প্রাইভেট কার আছে। ঋণ আছে ২৩ লাখ টাকার। সাতকানিয়ার রফিকুল আলমের একটি ২০ লাখ টাকা দামের গাড়ি, পাঁচতলা বাণিজ্যিক ভবন, একটি মার্কেট, ছয়তলা একটি বাড়ি রয়েছে। টাকা রয়েছে প্রায় ১০ লাখ। স্ত্রীর কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছেন।
প্রার্থীদের ঋণের বোঝা: বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীর মধ্যে ৭৩ জনের বিভিন্ন অঙ্কের ঋণ আছে। এর মধ্যে কোটি টাকার ওপরে ঋণ আছে এমন প্রার্থীও কম নয়। মাধবদীর মো. ইলিয়াসের ৭২ কোটি টাকা, ঠাকুরগাঁওয়ের মির্জা ফয়সল আমীনের প্রায় ২৩ কোটি, নাটোরের শেখ এমদাদুল হক আল মামুনের ১৩ কোটির বেশি, দেওয়ানগঞ্জের এ কে এম মুছার ৬ কোটি ২৫ লাখ, তারাবোর নাসির উদ্দিনের ৫ কোটি, রায়পুরের এ বি এম জিলানীর ৫ কোটি, গোলাপগঞ্জের গোলাম কিবরিয়া চৌধুরীর ৪ কোটি ৫০ লাখ, হাজিগঞ্জের আব্দুল মান্নান খানের ৩ কোটি ৭৫ লাখ, সান্তাহারের তোফাজ্জল হোসেনের ২ কোটি ৪০ লাখ, জীবননগরের নোয়াব আলীর ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ আছে।
এক প্রার্থীর বিরুদ্ধে ২৯ মামলা: মনিরামপুরের শহীদ মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে ২৯টি মামলা চলমান আছে। এর মধ্যে তিনটি হত্যা মামলা ও পাঁচটি হত্যাচেষ্টার মামলা। বাকিগুলোর অধিকাংশই বিস্ফোরক আইনে বিভিন্ন ধারার মামলা। ইকবাল হোসেনের বিরুদ্ধে অতীতেও দুটি মামলা ছিল। সেগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। ইকবাল হোসেন পেশায় আইনজীবী।
প্রার্থীর পেশা: বিএনপির ২০৫ জন প্রার্থীর মধ্যে অধিকাংশই ব্যবসা, ঠিকাদারি, কৃষিজীবী, শিক্ষক, আইনজীবী, মৎস্য ব্যবসা, গৃহিণী এবং বাসা ও দোকানভাড়াকে অনেক প্রার্থী পেশা হিসেবে দেখিয়েছেন। বর্তমানে মেয়র হিসেবে দায়িত্বে থাকা বিএনপি-সমর্থিত প্রার্থীরা মেয়রের সম্মানী ভাতার পাশাপাশি ঠিকাদারি, ব্যবসা, কৃষিকে পেশা হিসেবে দেখিয়েছেন। তবে অধিকাংশই ব্যবসাকে নিজের পেশা দেখিয়েছেন। বর্তমান মেয়রদের মধ্যে ব্যবসাকে নিজের পেশা হিসেবে দেখিয়েছেন মেলান্দহের দিদার পাশা, সরিষাবাড়ীর এ কে এম ফয়জুল কবির তালুকদার, মাগুরার ইকবাল আকতার খান, বড়াইগ্রামের ইসাহাক আলী, স্বরূপকাঠির শফিকুল ইসলাম, কচুয়ার হুমায়ুন কবির প্রধান, মধুপুরের শহীদুল ইসলাম, বোয়ালমারীর শুকুর শেখ, কোটচাঁদপুরের এস কে এম সালাউদ্দিন বুলবুল, কুড়িগ্রাম সদরের নূর ইসলাম, মোহনগঞ্জের মাহবুবুন্নবী শেখ, কেশরহাটের আলাউদ্দিন আলো, বাঘারপাড়ার আব্দুল হাই, কেশবপুরের আব্দুস সামাদ বিশ্বাস, নাজিপুরের আনোয়ার হোসেন, মাধবদীর মো. ইলিয়াস।
এ ছাড়া বর্তমান মেয়রদের মধ্যে কৃষিকে পেশা দেখিয়েছেন লামার আমির হোসেন, নন্দীগ্রামের সুশান্ত কুমার সরকার, দর্শনার মহিদুল ইসলাম, শায়েস্তাগঞ্জের আহমেদ আলী। জীবননগরের নোয়াব আলী ও ঈশ্বরদীর মোখলেসুর রহমান ঠিকাদারি, সিংড়ার মাহতাব উদ্দিন শিক্ষকতা, জামালপুর সদরের শাহ মো. ওয়ারেছ আলী আইন ব্যবসাকে নিজের পেশা দেখিয়েছেন। মুন্সিগঞ্জ সদরের এ কে এম ইরাদত নিজেকে স্বনির্ভর বলেছেন।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের মধ্যে জয়পুরহাটের শামসুল হক, মেলান্দহের হাজি দিদার পাশা, পাইকগাছার জি এম সাত্তার, নওগাঁর নজমুল হক, মাদারগঞ্জের মোশাররফ হোসেন তালুকদার, চাঁপাইনবাবগঞ্জের আতাউর রহমান, সাভারের বদিউজ্জামান, জামালপুরের সদর শাহ মো. ওয়ারেছ আলী, খাগড়াছড়ির আব্দুল মালেক, মোহনগঞ্জের মাহবুবুন্নবী শেখ, সৈয়দপুরের আমজাদ হোসেন সরকার, বেলকুচির আব্দুর রাজ্জাক স্নাতকোত্তর পাস করেছেন।

হলফনামা: বিএনপি
প্রার্থী পর্যালোচনা ২০৫
কোটিপতি ৫৬
ব্যবসায়ী ১২৯
মামলা ১৩৬
স্নাতক ৮৯
এসএসসির নিচে ৪০