বিএনপির ৫৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-মনোনীত চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগে হামলা চালানোর অভিযোগে বিএনপির ৫৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী গতকাল সোমবার সরিষাবাড়ী থানায় মামলাটি দায়ের করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ করার জন্য চর রৌহা যাচ্ছিলেন। আদ্রা বাজারে পৌঁছার পর ওই ইউপির বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই তালুকদারের লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় করা মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের অভিযোগ করেন, ‘আমাদের গণসংযোগে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হাইয়ের সমর্থকেরা হামলা করেছে। তাঁরা মোটরসাইকেল ভাঙচুর করার পাশাপাশি আমার ১০ সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করেছে।’
বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই তালুকদার বলেন, ‘আদ্রা বাজারে আমার সভায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা হামলা করে। পরে আমার সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়।’
মামলার তদন্ত কর্মকর্তা সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।