বিএনপির 'ঘাঁটি'তে আ.লীগের দাপট
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাঠ দখলে রেখেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বিএনপির ‘ঘাঁটি’ হিসেবে এলাকাটি পরিচিত হলেও আওয়ামী লীগের প্রার্থীদের হুমকি-ধমকির কারণে নির্বাচনী প্রচারণা পর্যন্ত চালাতে পারেননি বলে দাবি করেছেন বিএনপির প্রার্থীরা।
এ অবস্থায় আজ শনিবার রামগঞ্জের পাঁচটি ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভোটার ও প্রার্থীরা। দুটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগেরই ‘বিদ্রোহী’ প্রার্থী। এই পাঁচটি ইউনিয়ন ছাড়াও লক্ষ্মীপুর সদরের চরমনীমোহন ও কমলনগরের চরকাদিরা ইউনিয়নেও আজ নির্বাচন হবে। তবে সীমানাসংক্রান্ত জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে কমলনগরের চরলরেঞ্চ ও চরমার্টিন ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।
গতকাল শুক্রবার ভাদুর, দরবেশপুর, নোয়াগাঁও, ভোলাকোট ও ভাটরা ইউনিয়নের বিভিন্ন প্রার্থী ও ভোটারের সঙ্গে কথা বলেন এই দুই প্রতিবেদক। তাঁরা বলেন, এই পাঁচটি ইউনিয়নে বিএনপির পাঁচ চেয়ারম্যান প্রার্থীকে কয়েক দিন আগে থেকেই এলাকাছাড়া করার জন্য নিজেদের নেতা-কর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগের প্রার্থীরা। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থকেরা এক সপ্তাহ ধরে গ্রামে গ্রামে মোটরসাইকেল মহড়া দিয়েছেন। এ অবস্থায় বিএনপির প্রার্থীরা অনেকটা আত্মগোপনে রয়েছেন।
দরবেশপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী মোহাম্মদ উল্যা গতকাল প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমানের লোকজন গত বৃহস্পতিবার তাঁর বাড়িতে ককটেল হামলা চালিয়েছেন। কয়েক দিন আগে তাঁর প্রচারের তিনটি মাইক ভেঙে দিয়েছেন। হত্যার হুমকির কারণে তাঁর অনেক কর্মী-সমর্থক এরই মধ্যে এলাকা ছেড়ে চলে গেছেন। তবে মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর লোকজন এসব ঘটনার সঙ্গে জড়িত নন।
ভাদুর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান ও ভাটরার আবু হান্নান বলেন, নৌকা প্রতীকের প্রার্থীদের লোকজন মোটরসাইকেল মহড়া দিয়ে তাঁদের বাড়িতে গত সোম ও মঙ্গলবার ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। বিভিন্ন এলাকায় পোস্টার ছিঁড়ে পুড়িয়ে ফেলেছেন।
তবে ভাদুরের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ হোসেন ভূঁইয়া ও ভাটরার আবুল হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন। এ ছাড়া ভোলাকোট ইউনিয়নের বিএনপির প্রার্থী রুহুল আমিন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম এবং নোয়াগাঁও ইউনিয়নের বিএনপির প্রার্থী বিল্লাল হোসেন পাটোয়ারী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী ফরহাদ হোসেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন সহিংসতা চালাতে পারেন বলে আশঙ্কা করেছেন।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান বিএনপির প্রার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ ঠিক নয়। তাঁদের আশঙ্কাও ভিত্তিহীন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল হক মজুমদার বলেন, বিএনপির কয়েকজন প্রার্থী মৌখিকভাবে অভিযোগ করেছেন। তাঁদের লিখিতভাবে জানাতে বলা হয়েছে। রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর।