বিএনপির 'ভিশন ২০৩০' ধাপ্পাবাজি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির ‘ভিশন ২০৩০’-কে জনগণের সঙ্গে ধাপ্পাবাজি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, তাদের এ ভিশন হচ্ছে জনগণের সঙ্গে পরিহাস, যা সত্যের অপলাপ মাত্র।
গতকাল রোববার ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিকল্প পাওয়ার হাউস হিসেবে হাওয়া ভবন প্রতিষ্ঠা করেছিল। আবারও আরেকটি হাওয়া ভবন বানাতে এ ভিশন তৈরি হয়েছে।’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্রলীগের এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা একে অন্যকে সরকারের এজেন্ট বলছেন। নিজেরা নিজেরা মারামারি করছেন।
মন্ত্রী বলেন, মির্জা ফখরুল দাবি করেছেন, তাঁদের ৩০০ আসনে ৯০০ প্রার্থী আছেন। তাঁরা অর্ধেক জেলায়ও সাংগঠনিক সফর করতে পারেননি। পুলিশের অনুমতির দোহাই দেওয়া হচ্ছে। আসলে তাঁরা নিজেরাই নিজেদের কর্মিসভা পণ্ড করছেন। ৩০০ আসনে ৯০০ প্রার্থী নিজেরাই নিজেদের বাধা দিচ্ছেন। একে অন্যকে সরকারের এজেন্ট বলছেন। ছাত্রলীগের হলের কক্ষ দখল করে গণরুম বা রাজনৈতিক কক্ষ বানানোর সমালোচনা করে মন্ত্রী বলেন, রাজনৈতিক কক্ষ থাকলে নাকি মিছিলে লোক বেশি হয়। কিন্তু তার চেয়ে বেশি মানুষ এতে অসন্তুষ্ট হয়। এমন কাজ কি তাঁদের করা উচিত?
মন্ত্রী বলেন, ছাত্রলীগের প্রধান কাজ শৃঙ্খলায় ফিরে আসা। কমিটি গঠনে দল ভারী করার জন্য অনুপ্রবেশকারী পরগাছাদের স্থান করে দেওয়া হলে তার ফল ভালো হবে না। তিনি আরও বলেন, ‘সে রকম কিছু ঘটে বলেই মাঝেমধ্যে এমন কিছু ঘটে, যা পূর্বসূরি হিসেবে আমাদের লজ্জা দেয়। কখনো কখনো সরকারের অনেক সফলতা ম্লান করতে একটি ঘটনাই যথেষ্ট।’