বিএনপিসহ সাত দলের প্রস্তাবে ৪১ জনের নাম
নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য বিএনপিসহ ২০-দলীয় জোটের সাতটি শরিক দল ৪১ জন বিশিষ্ট নাগরিকের নাম প্রস্তাব করেছে। ২০ দলের বাইরে বিকল্পধারা বাংলাদেশ পাঁচটি নাম দিয়েছে। এর মধ্যে ঘুরেফিরে চার-পাঁচজনের নাম এই সব কটি দলের তালিকায় আছে।
দলগুলোর দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে সিলগালা করা তালিকা জমা দেয়।
বিএনপি নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য কাদের নাম দিয়েছে, তা পুরোপুরি নিশ্চিত করে জানা যায়নি। তবে দলটির দায়িত্বশীল একাধিক সূত্র থেকে জানা গেছে, বিএনপি পাঁচজনের যে নাম প্রস্তাব করেছে, তাতে সাবেক সচিব আসাফ্উদ্দৌলাহ্, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, তাসকিম এ রহমান (ট্যারিফ কমিশনে ছিলেন) ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিকের নাম রয়েছে। পরে কথা বলে জানা গেছে, এর মধ্যে অন্তত তিনজনের নাম বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের একাধিক শরিক দলের তালিকায়ও আছে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আরও ছয়টি দল গতকাল অনুসন্ধান কমিটির কাছে তালিকা জমা দিয়েছে। দলগুলো হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ (বিএমএল), খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম।
এলডিপির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, তারা আটজনের নাম প্রস্তাব করেছে। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে তিনজন ও কমিশনার হিসেবে পাঁচজনের নাম দিয়েছে। সিইসি পদে সাবেক সচিব সা’দত হুসাইন, সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ ও সাবেক সচিব আলী ইমাম মজুমদারের মধ্যে যেকোনো একজনকে চেয়েছে।
এ ছাড়া কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মো. মঈনুদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) দানিয়েল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচন কর্মকর্তা জেসমিন টুলি, সাবেক জেলা ও দায়রা জজ এম এ গফুর ও সাবেক আইজিপি আজিজুল হকের নাম প্রস্তাব করেছে এলডিপি।
বিজেপি পাঁচজনের নাম প্রস্তাব করেছে। তাঁরা হলেন তোফায়েল আহমেদ, শাহদীন মালিক, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ জে এম ফজলুর রহমান ও সাবেক সচিব আখতার হোসেন।
মুসলিম লীগ (বিএমএল) সিইসি হিসেবে সালেহউদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেছে। নির্বাচন কমিশনার হিসেবে ইকতেদার আহমেদ, এ জে এম ফজলুর রহমান, আখতার হোসেন ও তাসনিম আরেফা সিদ্দিকীর নাম দিয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম প্রস্তাব করেছে আটজনের নাম। এর মধ্যে সিইসি হিসেবে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছের হোসেন অথবা শাহদীন মালিক। কমিশনার হিসেবে ইকতেদার আহেমদ, সাবেক সচিব মনিরুজ্জামান খান অথবা সাবেক সচিব আখতার হোসেন খান, এ জে এম ফজলুর রহমান, অধ্যাপক তোফায়েল আহমেদ অথবা অধ্যাপক তাসনিম আরেফা সিদ্দিকী।
বাংলাদেশ ন্যাপ সাবেক দুই সচিব আসাফ্উদ্দৌলাহ্ ও আলাউদ্দিন সরদার, অধ্যাপক তোফায়েল আহমেদ, এ জে এম ফজলুর রহমান ও তাসনিম আরেফা সিদ্দিকীর নাম প্রস্তাব করেছে।
এ ছাড়া খেলাফত মজলিস আসাফ্উদ্দৌলাহ্, তোফায়েল আহমেদ ও শাহদীন মালিকের সঙ্গে সাবেক নির্বাচন কর্মকর্তা জেসমিন টুলি ও যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসানের নাম দিয়েছে।
এর বাইরে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ পাঁচটি নাম দিয়েছে। বিকল্পধারার মহাসচিবের একান্ত সচিব ফারুক খান সচিবালয়ে গিয়ে তালিকা জমা দেন।
ফারুক খান প্রথম আলোকে বলেন, বিকল্পধারা সাবেক সচিব সা’দত হুসাইন, দেবপ্রিয় ভট্টাচার্য, শাহদীন মালিক, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহর নাম দিয়েছে।
প্রস্তাবিত নামগুলোর মধ্যে অধ্যাপক তোফায়েল আহমেদ, দেবপ্রিয় ভট্টাচার্য, শাহদীন মালিক ও তাসনিম আরেফা সিদ্দিকীর সঙ্গে প্রথম আলোর কথা হয়েছে। তাঁরা বলেছেন, নাম প্রস্তাব করার বিষয়ে তাঁরা কিছুই জানেন না। তাঁদের সঙ্গে কেউ যোগাযোগও করেনি। আসাফ্উদ্দৌলাহ্, সা’দত হুসাইন ও সালেহউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করা হয়। তাঁরা ফোন ধরেননি।
তবে অধ্যাপক তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, একমাত্র বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান তাঁর নাম প্রস্তাবের বিষয়ে কথা বলেছিলেন। তিনি হ্যাঁ বা না কিছুই বলেননি।