বিএনপি-জাপার চার শতাধিক নেতা-কর্মী আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে বিএনপি ও জাতীয় পার্টির চার শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত সোমবার রাতে সদর উপজেলা বিএনপির সাবেক নেতা মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে তাঁরা আওয়ামী লীগে যোগ দেন।
এ উপলক্ষে পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নিজাম উদ্দিন আহম্মদ কলেজ মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী। এতে বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমির আলী সরকার ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. দুলাল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির সাবেক নেতা ও পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও আওয়ামী লীগের নীতির প্রতি অবিচল আস্থা রেখে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ভবিষ্যতে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পাকুরিয়া ইউনিয়ন তথা শেরপুর জেলা ও দেশের উন্নয়নে সব সময় নিজেকে সম্পৃক্ত রাখবেন।’
পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী বলেন, আবুল কালাম আজাদসহ চার শতাধিক নেতা-কর্মীর দলে যোগদানের ফলে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।