বিএনপি-জাপার ১৮৯০ নেতা-কর্মী আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) ১ হাজার ৮৯০ জন নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
জানা গেছে, জনসভা শেষে ওই দিন সন্ধ্যায় বিএনপি ও জাতীয় পার্টির ১ হাজার ৮৯০ জন নেতা-কর্মী ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর হাতে ফুলের নৌকা তুলে দিয়ে দলটিতে যোগদান করেন।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আলোচনা শেষে মোকতাদির চৌধুরীর হাতে ফুলের নৌকা দিয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আহসান মোহাম্মদ কাউছার, ১, ২ ও ৪ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা, সাবেক কমিশনার ইলিয়াছ খান, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য আবদুল ওয়াহিদ খান ওরফে লাভলু, শহর বিএনপির সহসভাপতি আবদুর রহিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১ হাজার ৫০০ এবং জাতীয় পার্টির ৩৯০ জন নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন।
মোকতাদির চৌধুরী বলেন, ‘যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন তাঁদের আমরা স্বাগত জানাচ্ছি। তবে তাঁদের অবশ্যই দলীয় নিয়মকানুন মেনে চলতে হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল ওয়াহিদ খান ১৯৭০ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৪ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৮৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে বিএনপিতে যোগ দেন তিনি। জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্যও ছিলেন। ওয়াহিদ খান প্রথম আলোকে বলেন, ‘বিএনপিতে যোগদান করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সম্পর্কে কিছু বলতে পারতাম না। মানসিকভাবে অস্থির ছিলাম। তাই আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত নিই।’
আবদুল ওয়াহিদ খান প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, আবদুল ওয়াহিদ বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করেননি। তবে বিএনপি সমর্থন করেন না—এমন নেতা-কর্মীদের আওয়ামী লীগে যোগদান কোনোভাবেই দলকে প্রভাবিত করবে না।