সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটা যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত অবৈধ হরতাল-অবরোধের নামে সহিংসতা করে মানুষ হত্যা করছে। দেশটাকে দোজখখানায় পরিণত করতে চাইছে। নীলফামারী জেলা সদরের সাতারুপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৫টি পরিবারের মধ্যে গতকাল শুক্রবার বিকেলে ত্রাণ বিতরণ উপলক্ষে গ্রামের ভবানীর মোড় বাজারে জনসভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান শাহ্র সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলীমুদ্দিন বসুনিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান।
মন্ত্রী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকা দেন। গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় ওই গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮৫টি পরিবারের ২২৫টি ঘর পুড়ে যায়।
সকালে মন্ত্রী শহরের উদয়ন শিশু বিদ্যাপিঠ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন।