বিএনপি-জামায়াতের চক্রান্তের ফসল: আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বিএনপি-জামায়াতের গভীর চক্রান্তের ফসল বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
গতকাল শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ এ দাবি করেন। তিনি বলেন, গত আট বছরে শেখ হাসিনার সরকার দেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। বিএনপি-জামায়াতের মাথাব্যথার কারণ এই উন্নয়ন। তারা সর্বশেষ পন্থা হিসেবে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে এই হামলা চালিয়েছে।
হানিফ বলেন, এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু করার জন্য বিএনপি মাঠে নেমেছে। বিএনপি সেখানে টিম পাঠিয়ে কর্মসূচি দিয়েছে। দলটির নেতা হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলন ডেকে মিথ্যাচার করেছেন। অথচ বিএনপি শাসনামলে হাফিজ উদ্দিনের নিজ এলাকা ভোলায় ২৮ দিন হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার করা হয়েছিল।
সংখ্যালঘুদের নিয়ে প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে হানিফ বলেন, ‘কারও কাছে ওই কথিত বক্তব্যের বিষয়ে প্রমাণ থাকলে আওয়ামী লীগকে তা দেওয়ার আহ্বান জানাচ্ছি। ছায়েদুল হক সত্যি সত্যি এ ধরনের কথা বলে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।’ আওয়ামী লীগের তিনজন নেতা-কর্মীকে বহিষ্কারের মাধ্যমে প্রমাণ হয়েছে, এতে তাঁরা জড়িত—বিএনপির নেতা হাফিজ উদ্দিনের এই বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমাদের দলের কাউকে বহিষ্কার করার ক্ষমতা কোনো স্তরের নেই। এটা শুধু কেন্দ্রীয় কমিটির আছে। যাঁদের বহিষ্কারের কথা উঠেছে, তাঁদের দায়িত্বে অবহেলার জন্য সতর্ক করা হয়েছে।’
সংবাদ সম্মেলন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুর রহমান, আবদুস সোবহান (গোলাপ), আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।