বিএনপি-জামায়াতের ভোটে জয় পেয়েছে স্বাচিপের একটি অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের সঙ্গে আপস করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের একাংশ বিএমএ চট্টগ্রামের নির্বাচনে জয়লাভ করেছে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল সোমবার দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে স্বাচিপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। স্বাচিপের চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক ও বিএমএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ শফিউল আজমের নেতৃত্বাধীন স্বাচিপের একটি অংশ এই সভার আয়োজন করে।
সদ্য শেষ হওয়া বিএমএ চট্টগ্রামের নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী এই অংশটিকে সমর্থন দিয়েছিলেন। নির্বাচনে তাঁর আশীর্বাদপুষ্ট নাসির উদ্দিন মাহমুদ-আ ম ম মিনহাজুর রহমান পরিষদ পরাজিত হয়। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সমর্থিত মুজিবুল হক খান-ফয়সল ইকবাল চৌধুরী পরিষদ জয়ী হয়। নির্বাচনের চার দিন পর স্বাচিপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের নাম ব্যবহার করে নির্বাচনে বিএনপি-জামায়াতের স্বার্থ দেখেছে তারা। বিএনপির ভোট আমাদের দরকার নেই। বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো আপস নয়। তারা স্বার্থান্বেষী মহলের স্বার্থ দেখেছে।’ তিনি আরও বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, তারা কখনো স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আপস করতে পারে না। আওয়ামী লীগের নাম ব্যবহার করে কারা স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আঁতাত করে স্বার্থ হাসিল করছে, তাদের সবাই চেনে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে লুটেপুটে খাচ্ছে। সেখানে যারা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। তারা মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল ক্যাম্পাসে করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের আন্দোলনের কারণে পারেনি।’
মহিউদ্দিন চৌধুরীর দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএমএ চট্টগ্রামের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী মুজিবুল হক বলেন, ‘জামায়াত–বিএনপি জানি না, সর্বস্তরের চিকিৎসক আমাদের ভোট দিয়েছেন।’
সভায় সভাপতিত্ব করেন স্বাচিপের জেলা কমিটির আহ্বায়ক শেখ শফিউল আজম। তিনি বলেন, এই বিজয়ের মাসে যারা স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপির সঙ্গে ঐক্য করে নির্বাচনে জেতে, তাদের জন্য লজ্জা হয়। ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে সব অপকৌশলকে পরাজিত করে স্বাধীনতার পক্ষের চিকিৎসক সমাজ এগিয়ে যাবে।
স্বাচিপ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সদস্যসচিব নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘বিএমএ নির্বাচনে আমাদের নৈতিক বিজয় হয়েছে। আমরা জামায়াত-বিএনপির সঙ্গে আপস করিনি বলে হেরেছি। আমরা যাঁদের ভোট পেয়েছি, তাঁরা সবাই স্বাধীনতার সপক্ষের চিকিৎসক।’
স্বাচিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান বলেন, যারা স্বাধীনতার পক্ষের শক্তির নাম ভাঙিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করে, তাদের সঙ্গে চিকিৎসক সমাজ নেই। তারা নির্বাচনে জিতেও এতই দেউলিয়া হয়ে গেছে যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পর্যন্ত করতে পারে না।
সমাবেশে আরও বক্তব্য দেন স্বাচিপের চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আ ন ম ফারুক অর রশীদ, স্বাচিপের জ্যেষ্ঠ নেতা জাহিদ হাসান ও সাদেকুর রহমান চৌধুরী।