বিএনপি-জামায়াতের ৪৭১ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে গত সোমবার ১৬ জেলায় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষ, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় ৩৩টি মামলা হয়েছে। গত দুই দিনে করা এসব মামলায় বিএনপি-জামায়াত ও দল দুটির অঙ্গসংগঠনের অন্তত এক হাজার ৬৪২ নেতা-কর্মী-সমর্থকের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অসংখ্য। তাঁদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৪৭১ জনকে।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৩৮৮ জনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। তাঁদের ২৯৭ জনকে সোমবারই গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার আসামির তালিকায় অজ্ঞাত আরও ‘অনেকে’ আছেন। অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা, বোমাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলাটি করেন কোতোয়ালি থানার এসআই নুরুল ইসলাম।
রাজশাহী: রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এতে ২০-দলীয় জোটের ১০ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিন হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ‘বিএনপির নেতা মজির উদ্দিন কার গুলিতে মারা গেছেন, সেটা কেউ বলতে পারেনি। এ জন্য অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করা হয়েছে।’
নোয়াখালী: নোয়াখালীতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের ৮৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন সুধারাম থানার এসআই চিরঞ্জিৎ দাস। ২০ জনকে আটক করা হলেও ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় ৮৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৌলভীবাজার: জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ ২০-দলীয় জোটের সাড়ে তিন শতাধিক নেতা-কর্মীর নামে সদর মডেল থানায় মামলা করেছে পুলিশ। মামলায় ১৩০ জনের নাম উল্লেখ করে এবং দুই থেকে আড়াই শ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজগঞ্জ: ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। এদিকে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ২১ জনকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: গতকাল সকালে শহরের ভাদুঘর থেকে বিএনপির নেতা-কর্মীসহ আটজনকে আটক করে পুলিশ। শহরে ৪ ও ৫ জানুয়ারি সহিংসতার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৪০ নেতা-কর্মীকে আসামি করে চারটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৭ জনকে।
পাবনা: শহরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০ জনকে। গতকাল পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ককটেল ফাটানো ও পুলিশকে মারধরের ঘটনায় দুটি মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৬৩ জনের নাম উল্লেখ করে দুটি মামলা করেছে পুলিশ।
মানিকগঞ্জ: মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় সোমবার রাতে বিএনপির সাতজন কর্মীকে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়া: শহরের বড় বাজার রেলগেট এলাকায় গাড়ি ভাঙচুরের অভিযোগে গতকাল বিকেল পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। কুষ্টিয়া মডেল থানার এএসআই রমজান আলীর করা মামলাটিতে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অন্তত ৬০ জনকে আসামি করা হয়েছে।
ময়মনসিংহ: পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের ৭০০ নেতা-কর্মীর নামে দুটি মামলা করেছে পুলিশ। এঁদের মধ্যে ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।
রায়পুর (লক্ষ্মীপুর): আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। এতে বিএনপির ৬২ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
চাঁদপুর: পুলিশ সুপার আমির জাফর জানান, সোমবার চাঁদপুরের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় পুলিশ আটটি মামলা করেছে। এতে ২৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
হাজীগঞ্জ (চাঁদপুর): পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় ৫২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ: দুটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের ১৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ছয় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করেছে পুলিশ।
সুনামগঞ্জ: আওয়ামী লীগের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির ৮৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এর মধ্যে বিএনপির পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মেহেরপুর: গতকাল বুধবার নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১৩ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।