ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় চট্টগ্রাম নগর বিএনপি ও জামায়াতের আরও ৯০ জন নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা মুক্তি পান। গত ৫ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে ও আশপাশের এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেছিল পুলিশ।
এর আগে গত ২৭ মে এই মামলায় গ্রেপ্তার হওয়া ৪৩ নেতা-কর্মী মুক্তি পান। তাঁদেরও ৫ জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল। ওই দিন সন্ধ্যায় মোট ২৯৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম নগর বিএনপির নেতারা জানান, গত ৫ জানুয়ারি ঢাকায় কেন্দ্রীয় বিএনপিকে সমাবেশের অনুমতি না দিলেও চট্টগ্রামে ২০-দলীয় জোটকে সমাবেশ করতে দেয় পুলিশ। তবে সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পরই তা পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। এ সময় সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ ১৫ জন আহত হন।
সংঘর্ষের পর রাতেই বিএনপি ও জামায়াতের ৩৮৮ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় এক হাজার জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ভাঙচুর ও বিস্ফোরক আইনে মামলা করে। এর আগে ওই দিন সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে নাসিমন ভবনের সামনে ও আশপাশের এলাকা থেকে ২৯৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
তবে ওই সময় পুলিশ দাবি করেছিল, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ভাঙচুর ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টা করায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ মো. মনির হোসেন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, কোতোয়ালি থানার বিস্ফোরক ও ভাঙচুর আইনের মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে গত মঙ্গলবার ৯০ জনের জামিননামা উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে কারাগারে আসে। জামিননামা যাচাই-বাছাই করে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।
এই মামলায় বিএনপির আইনজীবী ও সাবেক সরকারি কৌঁসুলি কামরুল ইসলাম জানান, ৫ জানুয়ারির মামলায় পুলিশ বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ ২৯৭ জনকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে গতকালের ৯০ জনসহ মোট ১৬০ জন জামিনে মুক্তি পেয়েছেন। অন্যরা কারাগারে রয়েছেন।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ৫ জানুয়ারি বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলেও পুলিশ বাধা দেয়। তারা নিরীহ নেতা-কর্মী ও সাধারণ মানুষকে গণহারে গ্রেপ্তার করে মামলার আসামি করে। যদি দেশে নাগরিক অধিকার থাকত, তাহলে এটি সম্ভব হতো না। পাঁচ মাস বিনা কারণে কারাভোগ করতে হয়েছে নেতা-কর্মীদের। এভাবে মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের কারাগারে আটকে রেখে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির আইনজীবী জানান, এ মামলার আসামি নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান ও শামসুল আলমসহ ৩৫ জন উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। আর নেতাদের মধ্যে কারাগারে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী।
৮ জুন এই মামলায় জামিনে মুক্তি পান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক। গতকাল সন্ধ্যায় তিনি প্রথম আলোর কাছে অভিযোগ করেন, বিনা কারণে নেতা-কর্মীদের দিনের পর দিন কারাগারে আটকে রেখে গণতন্ত্রের টুঁটি চেপে ধরছে এই সরকার।