ফুলগাজীতে চেয়ারম্যান পদে উপনির্বাচন
বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার বিকেলে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
প্রসঙ্গত, গত ২০ মে দুর্বৃত্তরা ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হককে গুলি করে, পুড়িয়ে হত্যা করে।
উপনির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কারারুদ্ধ মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেলিনা বেগম, ফেনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ।
জিয়া উদ্দিন আহমেদের অভিযোগ, গতকাল দুপুরে ফেনী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম আরও কয়েকজনসহ ফুলগাজী বাজারে গণসংযোগ করতে যান। তাঁরা প্রধান সড়কের একটি রেস্তোরঁার সামনে পৌঁছার পর ছাত্রলীগের কর্মী আরিফের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তাঁদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় বিএনপি নেত্রীর ভাড়া করা গাড়ির চালক আবুল কালামকে মারধর করা হয়। পরে তাঁদের আর গণসংযোগ না করতে হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনকে দলনিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তিনি বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি।
তিনি বলেন, উভয় পক্ষকে গণসংযোগে যাওয়ার আগে পুলিশকে জানাতে বলা হয়েছে। যাতে গণসংযোগের সময় আশপাশে পুলিশ থাকতে পারে। কিন্তু কোনো পক্ষই বিষয়টি আমলে নেয়নি।