বিএম কলেজে ছাত্রলীগের কমিটি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রলীগের কমিটি অনেক আগে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেখানে মেয়াদোত্তীর্ণ ছাত্র কর্মপরিষদ রয়েছে। এই কর্মপরিষদ মহানগর ছাত্রলীগের কোনো অংশ নয়।
গতকাল শনিবার দুপুর একটায় নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি অধ্যক্ষ শংকর চন্দ্র দাস ব্রজমোহন কলেজে যোগদান করতে গেলে কলেজের ছাত্রলীগ নামধারী ছাত্ররা তাঁকে লাঞ্ছিত করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বরিশাল মহানগর ছাত্রলীগ ব্রজমোহন কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
লিখিত বক্তব্যে জসিম উদ্দিন বলেন, বর্তমানে কলেজে একটি মেয়াদোত্তীর্ণ ছাত্র কর্মপরিষদ রয়েছে। এই কর্মপরিষদ বরিশাল মহানগর ছাত্রলীগের অংশ নয়। ওই ব্যানারে যে বা যাঁরা টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাঁদের দায়ভার ছাত্রলীগ বহন করবে না।
কলেজছাত্র কর্মপরিষদের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ সেরনিয়াবত বলেন, ব্রজমোহন কলেজে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি আছে। সেই কমিটি বিলুপ্ত করা হয়নি। তবে যুগ্ম আহ্বায়ক ও ভিপি মঈন তুষারকে বহিষ্কার করা হয়েছিল।
কর্মপরিষদের সাহিত্য সম্পাদক নূর আল সাইদী বলেন, ‘পাঁচ বছর আগে তিন সদস্যর মহানগর কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটিই করা হয়নি। তাই আমাদের পদ নেই। তবে আগের আহ্বায়ক কমিটির আমি ২০ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলাম। দুই বছরের জন্য গঠন করা কমিটি পাঁচ বছর চলছে। তাদের মুখে ওই কথা মানায় না। তা ছাড়া আমি কর্মপরিষদের একজন সম্পাদক।’
এই কলেজছাত্র কর্মপরিষদের সহসভাপতি (ভিপি) এবং কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।