বিএমএর নিরুত্তাপ নির্বাচন, স্বাচিপ পূর্ণ প্যানেলে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় অনিয়মের অভিযোগ ছাড়াই বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন শেষ হয়েছে। প্রায় একতরফা এই নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ‘ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন-ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার পেশাজীবী চিকিৎসকেরা ঢাকাসহ দেশের ৬৭টি কেন্দ্রে ভোট দিয়েছেন। বিএমএ নির্বাচন কার্যক্রমের সঙ্গে জড়িত একজন কর্মকর্তা জানিয়েছেন, ঢাকায় প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। ঢাকার বাইরে এই হার সত্তরের ওপরে। মোট ভোটার ৩৬ হাজার ৬৯১ জন। সকাল সাড়ে আটটায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল পাঁচটায়। বিএমএ ভবনের সামনে চিকিৎসকদের ভিড় ছিল সারা দিন। এই নির্বাচনে বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কোনো প্রার্থী দেয়নি।

বামপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট নির্বাচনে কিছু অনিয়মের অভিযোগ করেছে। মহাসচিব পদপ্রার্থী শাকিল আখতার গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রের মধ্যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ছিল না। নির্বাচনী কাজের সঙ্গে জড়িত নন এমন অনেকে সারা দিন কেন্দ্রের মধ্যে ভিড় করেছিলেন। তাঁরা সাধারণ চিকিৎসকদের নানাভাবে প্রভাবিত করেছেন।’

কে এম হোসেন তৌহিদ ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট প্যানেল থেকে দপ্তর সম্পাদক পদে প্রার্থী ছিলেন। তিনি ভোট দিতে গিয়ে দেখেন, আগেই তাঁর ভোট কেউ দিয়ে গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার একটি মেডিকেল কলেজের শিক্ষিকা অভিযোগ করেছেন, তাঁর ভোট অন্য কেউ দিয়েছেন।