বিকল্প বাম গণতান্ত্রিক ঐক্য গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান দুই রাজনৈতিক দলের বিপরীতে বামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ‘বিকল্প বাম গণতান্ত্রিক ঐক্য’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের সামনে সমাবেশে সিপিবি সভাপতি এ আহ্বান জানান। তিনি বলেন, দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আওয়ামী লীগের শাসনে তারা সন্তুষ্ট নয়। কিন্তু আওয়ামী লীগ বাদে বিএনপির শাসনামলে জনগণের কল্যাণ হবে না। ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় তারা নিক্ষিপ্ত হবে।
সিপিবি সভাপতি আরও বলেন, ‘আমাদের দেশে বর্তমানে উন্নয়নের কথা বলা হয়। কিন্তু উন্নয়ন যদি দেশে হয়, সেই উন্নয়নের ভাগ-বাঁটোয়ারায় আমার গরিবরা যদি সমান অংশ না পায়, তাহলে সেই উন্নয়ন কোনো দিনই গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের লড়াই ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। আমাদের লড়াই মানুষ এবং প্রকৃতির মুক্তির জন্য।’ সুন্দরবনসহ প্রকৃতি ধ্বংসের সব অপচেষ্টা রুখতে জোর লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দলের ঢাকা কমিটির আয়োজনে এই সংক্ষিপ্ত সমাবেশের পর একটি লাল পতাকা মিছিল সিপিবি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় ও গুলিস্তান ঘুরে আবার কার্যালয়ে ফিরে আসে। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দীন। আরও বক্তব্য দেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক ও দলের সম্পাদকমণ্ডলীর সদস্য জাহিদ হোসেন খান।