বিকল্প বাম গণতান্ত্রিক শক্তি গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প বাম গণতান্ত্রিক শক্তি গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ৯৯তম বার্ষিকী কুড়িগ্রামে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে শোভাযাত্রা, শহীদ মিনারে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে জেলা বাসদ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক জাহেদুল হক। বক্তব্য দেন জেলা বাসদের সদস্যসচিব ফুলবর রহমান, মোনাব্বার হোসেন, শেখ মো. আবদুল খালেক, আবুল বাশার মঞ্জুর, আবদুল হাই, প্রভাত কুমার বর্মণ, সাঈদ আক্তার আমিন প্রমুখ।
এর আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ও সাম্য সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাসদকে শক্তিশালী ও বিকল্প বাম গণতান্ত্রিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান।
খালেকুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করা। আজ সারা দেশে সাম্প্রদায়িক সন্ত্রাস ভয়াবহ রূপ নিয়েছে। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একমাত্র সমাজতন্ত্রের আদর্শই পারে এই অপশক্তি রোধ করতে।