বিকল্পধারার প্রার্থী হতে পারবেন যে কেউ
বিকল্পধারা বাংলাদেশ দলের সমর্থক ছাড়াও যেকোনো যোগ্য ব্যক্তিকে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেবে।
আজ বৃহস্পতিবার বিকল্পধারার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নীতি নির্ধারকদের ওই বৈঠকে দলের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিকল্পধারার নেতা, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী এবং উদার গণতান্ত্রিক জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যেকোনো যোগ্য ব্যক্তি বিকল্পধারার সদস্যপদ নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়র ও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী প্রার্থীদের বিকল্পধারার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।