ইসিতে গেছে বিএনপি সমর্থক 'শত নাগরিক'
বিএনপি সমর্থক বিশিষ্ট নাগরিকদের সংগঠন ‘শত নাগরিক’-এর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করতে গেছেন। আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে তাঁরা কমিশনে যান।
ছয় সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ। বাকি পাঁচজন হলেন শত নাগরিক-এর সদস্যসচিব আবদুল হাই শিকদার, গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ ও আইনজীবী ফাহিমা নাসরিন।
এর আগে আবদুল হাই শিকদার প্রথম আলোকে বলেছিলেন, বিকেল সাড়ে তিনটার দিকে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে তাঁদের সময় দেওয়া হয়েছে। এমাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই কার্যালয়ে গিয়ে কমিশনের সঙ্গে বৈঠক করবে।
গতকাল সন্ধ্যায় এমাজউদ্দীন আহমদের বাসায় ‘শত নাগরিক’-এর বৈঠক করেন। সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন সিটি নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
গতকাল বৈঠক সূত্রে জানা যায়, ‘শত নাগরিক’-এর সদস্যরা নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য তফসিল পেছানোর অনুরোধ জানাতে পারেন। বৈঠকে বিএনপি ও জামায়াত-সমর্থক ২০ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার সুযোগ না থাকায় বিএনপি এবার নাগরিক সমাজের ব্যানারে নির্বাচন করতে চাইছে। এ জন্য একটি নাম ঠিক করে সমমনা বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে কমিটি করতে এমাজউদ্দীন আহমদসহ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
শুভাকাঙ্ক্ষী দল যাবে নির্বাচন কমিশনে