বিকেলে লতিফ সিদ্দিকীকে নিয়ে জল্পনার অবসান হবে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে লতিফ সিদ্দিকী সাহেবকে নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান হয়ে যাবে।’ আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে হানিফ সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
হানিফ বলেন, বিকেলে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। সেখানে জাতিসংঘের অধিবেশনে সরকারের সফলতার দিক, পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি ও লতিফ সিদ্দিকীর বিষয়ে কথা বলবেন।
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘ইতিমধ্যে তাঁর (লতিফ সিদ্দিকী) বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা স্বাধীন বিচারব্যবস্থায় বিশ্বাসী। বিচার বিভাগ থেকে যে সিদ্ধান্ত হবে, যে আইনি প্রক্রিয়া আছে, যদি ওনাকে (লতিফ) শাস্তি দেয়, সেই শাস্তি উনি ভোগ করবেন। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।’
মাহবুব উল আলম হানিফ বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর করার জন্য সরকারের কিছু নিয়ম-কানুন রয়েছে, এটা সময়ের ব্যাপার। রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ সচিব হজে গেছেন। তাঁরা ফিরলেই অব্যাহতি কার্যকর হবে।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ অভিযোগ করে বলেন, বিএনপির কোনো ইস্যু নেই, এই সরকারের বিরুদ্ধে বিএনপির কিছু বলার নেই। এই সরকারের গত পাঁচ বছরে যে ধারাবাহিক সফলতা, এর কারণে জনগণ থেকে বিএনপি বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব কারণে তারা এটাকে (লতিফকে) নিয়ে রাজনীতির ইস্যু করার চেষ্টা করেছিল। তাদের সেই আশার গুড়ে বালি পড়েছে।
এ সময় সেখানে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।