দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মামলা করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কাল রোববার দেশের সব মহানগর ও জেলা শহরে, পরদিন সোমবার ঢাকা মহানগরে এই কর্মসূচি পালন করা হবে।
গতকাল শুক্রবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচারের পক্ষে। সেই বিচার হতে হবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া, স্বচ্ছ ও ন্যায়বিচার।
সংবাদ সম্মেলনে গত সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত ও প্রস্তাবও তুলে ধরা হয়। মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটির সভায় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের নিন্দা এবং তাঁদের মুক্তির দাবি জানানো হয়। বিএনপির স্থায়ী কমিটি মনে করে, কিছুদিন ধরে গণমাধ্যমে বিএনপির ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন এবং সাংগঠনিক বিষয় নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে ‘সুপরিকল্পিতভাবে’। সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
স্থায়ী কমিটির সভায় নির্বাচন কমিশনের পদত্যাগ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়ে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি তামাশায় পরিণত হয়েছে। ইতিমধ্যে প্রায় ৬০ জন সহিংসতায় প্রাণ দিয়েছে। আহত হয়েছে অসংখ্য। আবার প্রমাণিত হয়েছে যে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না।
বিএনপির স্থায়ী কমিটি মনে করে, দেশে গভীর অর্থনৈতিক, সামাজিক ও সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশকে চরম অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এই সংকট কাটিয়ে উঠতে দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষÿনির্বাচন কমিশনের পরিচালনায় সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই।
সভায় সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সহিংসতা, খুন, বিশেষ করে বিদেশি, ভিন্নমত পোষণকারীদের হত্যা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও তাদের সম্পদ দখলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করে বিরোধী দলকে দোষারোপ করা, একদিকে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া, অন্যদিকে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে বলে বিশ্বাস করে বিএনপির স্থায়ী কমিটি।