বিক্ষোভ-সমাবেশ ডেকে ঢাকায় মাঠে ছিল না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ মাস পর মিছিল-সমাবেশের কর্মসূচি দিলেও রাজধানীতে মাঠে দেখা যায়নি বিএনপি-জোটের নেতাদের। কোনো সমাবেশও চোখে পড়েনি। রাজধানীতে কয়েকটি জায়গায় ঝটিকা মিছিলে সীমিত ছিল এই কর্মসূচি। অবশ্য বিএনপি দাবি করেছে, রাজধানীর বেশ কিছু জায়গায় তাদের নেতা-কর্মীরা মিছিল করেছে।
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ রোববার সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার এই কর্মসূচি দিয়েছিল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
ঢাকায় সমাবেশ না হলেও ঢাকার বাইরে কয়েকটি জায়গায় কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হয়েছে।
গত ৫ জানুয়ারি লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করে গুলশান কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিন মাস পর গত ৫ এপ্রিল বাসায় ফেরেন খালেদা জিয়া। অবরোধ প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তাঁর বাসায় ফেরার পর থেকে অবরোধ থেকে সরে আসে বিএনপি-জোট। এরপর থেকে বিএনপি অনেকটা চুপচাপ ছিল।
পাঁচ মাস পর গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গতকাল সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিল বিএনপি-জোট। সেই কর্মসূচিতে দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিল তারা। কিন্তু এই কর্মসূচিতেও সাড়া মেলেনি। নিজেদের নেতা-কর্মীরাই রাজধানীতে সেভাবে মাঠে নামেনি। রাজধানীর কোথাও বিএনপিকে সমাবেশ বা উল্লেখযোগ্য মিছিল করতে দেখা যায়নি। কেন্দ্রীয় বা ঢাকা মহানগর বিএনপির উল্লেখযোগ্য কোনো নেতাকেও কর্মসূচি পালন করতে দেখা যায়নি। কেন্দ্রীয়ভাবে সমাবেশ বা মিছিল করার কোনো আয়োজনও ছিল না। রাজধানীতে কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল হয়েছে।
আজ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিএনপি দাবি করেছে, রাজধানীর বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর, দক্ষিণখান, ওয়ারী, মুগদা, খিলগাঁও, শাহবাগ, ঢাকা মেডিকেল কলেজ, সবুজবাগ, মতিঝিল, শ্যামপুর, মিরপুরের কালসি, পল্টন, তেজগাঁও, শেরে বাংলা নগর, তেজগাঁও, সূত্রাপুর ও জজকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। মতিঝিলে মিছিল থেকে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিএনপি নেতা হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংগঠনটির নেতা-কর্মীরা আজ রাজধানীর শাহবাগ মোড় থেকে কাঁটাবন মোড় পর্যন্ত এলাকায় মিছিল করেন।
বরিশাল অফিস জানিয়েছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নেতা-কর্মীরা বরিশালে জেলখানা মোড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় সেখান থেকে তিনজনকে আটক করা হয়। কয়েকজন আহত হন। এ ছাড়া মহানগর বিএনপির সমাবেশেও বাধা দিয়েছে পুলিশ। নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা বিএনপি কার্যালয় সম্মুখে মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশ তাতেও বাধা দেয়। পরে কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সমাবেশ করে তারা।
ফরিদপুর অফিস জানায়, ফরিদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিলেও পুলিশ বাঁধা দিয়েছে। আজ বেলা ১১টার দিকে শহরের ডায়াবেটিক হাসপাতালের সামনে মিছিল বের করলে তা পুলিশের বাধার মুখে পড়ে।
কেন্দ্রীয় বিএনপি দাবি করেছে, আজ নোয়াখালী, রাঙামাটি, পিরোজপুর, মাগুরা, রংপুর মহানগর, রংপুর জেলা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, নওগাঁ, নড়াইল, এবং ময়মনসিংহ সদরে পুলিশের বাধার কারণে কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।