বিচার না পেয়ে বাবা-মেয়ের আত্মহত্যা দেশের অপবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে বলেছেন, খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যা নিত্যদিনের ঘটনা। গাজীপুরে মেয়েকে অপমান করা হয়েছে, তার নালিশ করতে বাবা গেছেন থানায়। দরজায় দরজায় ঘুরেছেন, বিচার পাননি। শেষ পর্যন্ত বিচার না পেয়ে বাবা-মেয়ে আত্মহত্যা করেছেন। এর চেয়ে বড় অপবাদ দেশের সরকারের জন্য আর কি হতে পারে!

আজ শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত যৌথ প্রতিনিধি সভায় এসব কথা বলেন মওদুদ আহমদ।

জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘রাজনীতি কোনো পেশা নয়। রাজনীতি কখনো পেশা হতে পারে না। রাজনীতি হলো জনসেবা। রাজনীতি করতে হলে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নামতে হবে। অতীতে নির্বাচন নিয়ে অনেক খেলা হয়েছে। আমরা খেলায় পরাজিত হতে পারি, কিন্তু জনগণের সঙ্গে প্রতারণা করিনি। আগামী নির্বাচনে জনগণের ইচ্ছা প্রতিফলিত হতে হবে। তাই নির্বাচনকে অর্থবহ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এ জন্য পদপদবি বড় কথা নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


সভার প্রধান বক্তা মওদুদ আহমদ বলেন, বিচার না পাওয়ার এ ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিদিন খবরের কাগজে দেখা যায় কী ধরনের পরিস্থিতি দেশে চলছে। এর কারণ হলো দেশে যে সরকার রয়েছে, তা একটি অনির্বাচিত সরকার, অকার্যকর সরকার। সামাজিক অপরাধ, দুর্নীতি বেড়ে গেছে এই সরকারের সময়। কারণ, এই সরকারের কোনো জবাবদিহি নেই। যে সংসদ আছে, তা অকার্যকর, একদলীয় সংসদ। যে সরকার আছে তা একদলীয়, অনির্বাচিত, অসাংবিধানিক এক সরকার।

মওদুদ আহমদ আরও বলেন, ‘সরকার ভারতের সঙ্গে অনেকগুলো চুক্তি করেছে, সেই চুক্তির কোনো শর্তাবলি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। সংবিধানে আছে, কোনো দেশের সঙ্গে চুক্তি করলে সংসদে তা পেশ করতে হবে। এখন পর্যন্ত সেটা করা হয়নি।’ তিনি বলেন, ‘নদীর পানি আমাদের জীবন-মরণ সমস্যা। এই পানি আমাদের দিতে হবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে নদীর পানির হিস্যা আদায় করা হবে।’

জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুর রহমানের সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ।