পুরোপুরি সুস্থ না হলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে আদালতে নেওয়া হচ্ছে না। ফলে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টের মামলায় তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এখনই শুরু হবে না। তবে বিচার-প্রক্রিয়া শুরুর আগেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ভারতীয় পুলিশ।
বিএনপির নেতা সিভিল হাসপাতালে থাকার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। তাই তাঁকে পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয় থেকে নেগ্রিমসের কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সালাহ উদ্দিনকে শিলংয়ের নেগ্রিমস (নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস) হাসপাতালে নেওয়ার পরও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তাঁকে এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় প্রথম দফায় তাঁর কয়েকটি স্বাস্থ্যপরীক্ষার পর গতকালও মূত্রনালি, হৃদ্পিণ্ড, কিডনিসহ কয়েক ধরনের স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে।
গতকাল বিকেলে নেগ্রিমস হাসপাতালের মূল ভবনের বাইরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জানান, স্বাস্থ্যপরীক্ষা করাতে যাওয়ার আগে হাসপাতালের করিডোরে সালাহ উদ্দিন আহমদের সঙ্গে কথা হয়েছে। তাঁর শরীর ভালো নেই বলে তিনি জানিয়েছেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপির নেতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হলেও এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজ্য সরকার কিংবা পুলিশের কাছে নতুন করে কোনো নির্দেশনা আসেনি।
সালাহ উদ্দিনের আইনজীবী এস পি মাহান্তো জানান, তাঁর মক্কেলের সুস্থ হওয়ার বিষয়টিকে এ মুহূর্তে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। গতকাল সকালে হাইকোর্ট এলাকার দপ্তরে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রীর পাশাপাশি এখানকার কর্তৃপক্ষ ও পুলিশও তাঁর সুস্থ হওয়ার বিষয়টিকে অগ্রাধিকার হিসেবে দেখছে। আদালত থেকে মামলার নথি পাওয়ার আগে মামলা নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই বলে জানান তিনি।
১১ মে শিলংয়ের গলফ-লিংক এলাকা থেকে আটকের পর সালাহ উদ্দিনকে স্বাস্থ্যপরীক্ষার জন্য সিভিল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে তাঁর কোনো শারীরিক সমস্যা না থাকলেও মানসিক সমস্যা আছে মনে করে পুলিশ তাঁকে মানসিক হাসপাতালে পাঠায়। সেখানে এক দিন রাখার পর ১২ মে আবার সিভিল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু মূত্রনালিতে সংক্রমণ, কিডনিতে পাথরের উপস্থিতি ও মেরুদণ্ডে ব্যথার কারণে তাঁকে নেগ্রিমসে ভর্তি করা হয়েছে।