
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘আমি আগেই বলেছিলাম ষড়যন্ত্র শুরু হয়েছে। বিচার বিভাগ থেকে ষড়যন্ত্র হচ্ছে। জনগণ আবার নতুন করে গান গাচ্ছে “বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা”।’
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে শহরের চাষাঢ়া মোড়ে সমাবেশ ও শোক র্যালি করা হয়। শোক র্যালির আগে সমাবেশে শামীম ওসমান এ কথা বলেন।
বক্তব্যে শামীম ওসমান বলেন, ‘যাঁরা ভাবছেন বাংলাদেশটা পাকিস্তান; যাঁরা ভাবছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, যাঁর শরীরে জাতির পিতার রক্ত, সেই শেখ হাসিনা নওয়াজ শরিফ; যাঁরা ভাবছেন বাংলাদেশের মানুষ পাকিস্তানের নাগরিক; যাঁরা ভাবেন বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাকিস্তানের বাহিনী; তারা বোকার রাজ্যে বাস করছেন। বাংলাদেশ পাকিস্তান না, আর শেখ হাসিনাও নওয়াজ শরিফ না।’
চাষাঢ়া মোড়ে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ শহীদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন বেগম, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাউন্সিলর নাজমুল আলম প্রমুখ।
তবে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সহসভাপতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা উপস্থিত ছিলেন না।
শামীম ওসমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘আপনার কাছে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে ওয়াদা করতে চাই, যে সকল শকুন আপনার দিকে নজর দেবে, অন্য কিছু বুঝি না, ওই শকুনের গলাটিপে নারায়ণগঞ্জের মানুষ ছিঁড়ে ফেলবে।’ তিনি বলেন, ‘ষড়যন্ত্র শুরু হয়েছে। রূপগঞ্জে অস্ত্র ধরা পড়েছে। এত অস্ত্র রূপগঞ্জে কেন আনা হয়েছিল? ৩০০ ফুটের বাইরে কেন অস্ত্র রাখা হয়েছিল, ওইখান দিয়ে প্লেন ওড়ে। আমার নেত্রী প্লেনে চড়ে ওখান দিয়ে যায়। তাদের টার্গেট একটাই, বাংলাদেশকে ধ্বংস করতে হলে শেখ হাসিনাকে হত্যা করতে হবে। আমরাও প্রস্তুত আছি। খেলা হবে এবং সেই খেলায় আমরাই জিতব।’
শোক র্যালিতে জেলা ও মহানগর আওয়ামী লীগের অনেক নেতা অংশ নেননি। সে বিষয়ে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, ‘আমি অনেককে দাওয়াত দিয়েছিলাম। কিন্তু তাঁরা অনেকে আসেননি। আমার মনে হয়, তাঁদের ব্যক্তিগত কাজ ছিল, তাই তাঁরা আসতে পারেন নাই। তবে আওয়ামী লীগের আগামী দিনে যে অনুষ্ঠান হবে, ইনশা আল্লাহ আমরা সবাই একসাথে থাকব।’ তিনি বলেন, ‘বিএনপির কিছু লোক বলে নারায়ণগঞ্জে নাকি আওয়ামী লীগের অবস্থা খারাপ। আজকে এই লক্ষ লক্ষ লোকের জমায়েতের শেষ দেখি না। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে, ঘাঁটি থাকবে।’
সমাবেশের পর শোক র্যালি বের হয়। র্যালিটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শামীম ওসমান।
এর আগে দুপুরের পর থেকেই জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কালো পতাকা নিয়ে চাষাঢ়া মোড়ে জমায়েত হতে থাকেন। ট্রাকের ওপর তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ। সমাবেশের জন্য শহরের প্রধান সড়কের এক পাশ বন্ধ থাকে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী যানবাহনও লিংক রোডের শিবু মার্কেট এলাকা থেকে বন্ধ রাখা হয়। নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের হাজীগঞ্জ এলাকা থেকে কোনো যানবাহন নগরে ঢুকতে দেয়নি পুলিশ। যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
জানতে চাইলে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান বলেন, শোক র্যালির জন্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছিল।