অপছন্দের রায়ের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তৃতায় প্রধান বিচারপতিকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার রাত আটটায় গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্য দেশের পরিস্থিতিকে আরও নৈরাজ্যকর করে তুলতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’
গত সোমবার রাজধানীতে আওয়ামী লীগের এক আলোচনা সভায় প্রধান বিচারপতিকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংবিধানের বিতর্কিত ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া যুগান্তকারী রায়ের কারণে ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর দলের নেতা এবং মন্ত্রীরা উচ্চ আদালত, বিচার বিভাগ, সম্মানিত বিচারপতি এবং প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গার করে বক্তৃতা দেওয়া শুরু করেছেন। বর্তমান ক্ষমতাসীনেরা রায়ের কারণে বিচার বিভাগকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করে যে পরিবেশ সৃষ্টি করেছেন, তা দেশ, জাতি ও রাজনীতির জন্য এক অশনিসংকেত বলে আমরা মনে করি।’
বিএনপির মহাসচিব বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের রাজনৈতিক রঙে রঞ্জিত কিছু রায়ে শুধু বিএনপি নয়, দেশ ও জনগণও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরকারে থাকার সময়েও কিছু রায় বিএনপির রাজনীতি ও আদর্শকে ক্ষতিগ্রস্ত করেছে। তবু আমরা বিচারক ও কোর্টের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক ভূমিকা নিইনি। কিন্তু আওয়ামী লীগ রায় পছন্দ না হলে বিচারকদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বস্তি বসিয়েছে, প্রধান বিচারপতির এজলাস ভাঙচুর করেছে। এবার তারা প্রধান বিচারপতিসহ পুরো উচ্চ আদালতকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।’
দলের জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ বলেন, ‘আমাদের সুপ্রিম কোর্ট তো বলেছেন, তাঁরা অনেক ধৈর্য দেখিয়েছেন। আমার মনে হয় এটা খুব ম্যাচিউরড কমেন্ট। কারণ, তাঁরা যদি চাইতেন এদের প্রত্যেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হতো, সুয়োমোটো হতো।’