বিচার বিভাগকে 'যমটুপি' পরানোর চেষ্টা হচ্ছে: তরিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বিচার বিভাগকে ‘যমটুপি’ পরানোর আর সম্পাদকদের ‘সোনার খাঁচায় বন্দী’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

গতকাল শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তরিকুল ইসলাম এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হবে।

 ‘তারেক রহমানের সমৃদ্ধ বাংলাদেশ ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এতে প্রধান অতিথির বক্তৃতায় তরিকুল ইসলাম বলেন, এখন মানুষের পেছনে যাওয়ার কোনো রাস্তা নেই। আন্দোলন ছাড়া জনগণ ও বিএনপির কোনো পথ নেই। দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না। যেকোনো সময় বিস্ফোরণ হবে। এ জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

নেতা-কর্মীদের উদ্দেশে তরিকুল বলেন, সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, আওয়ামী লীগ যে অন্যায় করছে, বিএনপি ক্ষমতায় গেলে তা করবে না। এ বিশ্বাসবোধ মানুষের মধ্যে তৈরি করতে হবে। তিনি বলেন, তারেক রহমান আগামী দিনের বিএনপির কান্ডারি হবেন। ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান হওয়ার সম্ভাবনা আছে। এ কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেকের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। তিনি আরও বলেন, তারেক রহমান লন্ডনে পড়াশোনা করছেন, গবেষণা করছেন, তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।