বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদুতে চারটি পাহাড়ি গ্রামে আগুন দেওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে তিন পাহাড়ি সংগঠন। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল শুক্রবার চট্টগ্রামের চেরাগি মোড়ে যৌথভাবে মিছিল-সমাবেশ করে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।
আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত জ্যোতিষ কান্তি চাকমা সমাবেশে বলেন, তাঁরা প্রশাসনের কাছে চেয়েও নিরাপত্তা পাননি। জীবন বাঁচাতে লোকজন ঘর-বাড়ি ছেড়ে বনে-জঙ্গলে আশ্রয় নেয়। সমাবেশে হামলার ঘটনার বিচার চান আরেক ক্ষতিগ্রস্ত কৃষ্ণ কুমার চাকমা।
সমাবেশে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করার দাবি জানান বক্তারা। গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম নগর শাখার সহসভাপতি উশৈ চিং চাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রগতিশীল ডক্টরস ফোরামের সমন্বয়ক সুশান্ত বড়ুয়া, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক সুনয়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টি চাকমা প্রমুখ।
একই ঘটনার প্রতিবাদে গতকাল নগরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের চট্টগ্রাম জেলা শাখা।