বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে নতুন অধিভুক্ত হওয়া সাত কলেজে তাঁদের কোনো প্রতিনিধি ছিলেন না বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে ঘটনার সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিতুমীর কলেজের শিক্ষার্থী রিয়াজ মাহমুদ। সংবাদ সম্মেলনে অন্য কলেজগুলো থেকেও একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে রিয়াজ মাহমুদ বলেন, ‘আমরা সাত দফা দাবি নিয়ে মঙ্গলবার পর্যন্ত প্রশাসনকে সময় বেঁধে দিয়েছি। কিন্তু এর দ্বিতীয় দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কলেজের শিক্ষার্থীরা বৈঠক করেছেন বলে অবগত হয়েছি। সেই বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকলেও তাঁদের আন্দোলনরত শিক্ষার্থী হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তাঁরা কেউ আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন না।’ তিনি বলেন, ‘সাত কলেজের অধ্যক্ষের অনুগত ছাত্রদের সেখানে পাঠানো হয়েছে। তাঁরা প্রকৃত ছাত্র কি না, তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে।’

সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার, গুরুতর আহত তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন ও ১ হাজার ২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে অটল থাকার কথা বলা হয়। এ সময় ঢাকা কলেজের আল-আমিন হোসেন, ইডেন কলেজের নবীনা আক্তার, কবি নজরুল সরকারি কলেজের আসাদুজ্জামান নূর প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে কয়েকটি ছাত্রসংগঠনের জোট প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীরা এক সংবাদ সম্মেলনে সিদ্দিকুরের চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে ওই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচার, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

জোটের পক্ষ থেকে গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ সময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, মার্ক্সবাদী বাসদ সমর্থিত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ, বাসদ (খালেকুজ্জামান) সমর্থিত ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তাফা, বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।