ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। সরকার জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে দাবি করে সরকারের পদত্যাগও চেয়েছে দলটি।
গতকাল শনিবার সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ। গত শুক্রবার হাফিজের নেতৃত্বে নাসিরনগরে ঘটনাস্থল পরিদর্শনে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। সেখান থেকে ফিরে এই সংবাদ সম্মেলন করে দলটি।
নাসিরনগরে হামলায় আওয়ামী লীগ জড়িত অভিযোগ করে হাফিজ বলেন, ‘বর্তমান সরকার নির্বাচিত না হলেও তাদের ধন্যবাদ দিতে চাই যে নাসিরনগরের ঘটনাটি কারা ঘটিয়েছেন, তাঁদের দলীয় নেতাদের শাস্তি দিয়ে তাঁদের স্বরূপ জনসমক্ষে উন্মোচিত করেছেন।’ নাসিরনগরের প্রকৃত ঘটনা উন্মোচনের জন্য হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান হাফিজ।
হাফিজ বলেন, নাসিরনগরে প্রথম হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত বলা যেতে পারে। কিন্তু পরে ছয়টি বাড়িতে নতুন করে আগুন দেওয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেছেন, হামলা হয়েছে বেলা একটার দিকে আর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বিকেল পাঁচটার দিকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হলে এ ধরনের ঘটনা এড়ানো যেত। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশের সব জায়গায় হিন্দুদের রক্ষায় মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান।
মামলা উদ্দেশ্যপ্রণোদিত: মন্দির ভাঙচুরের ঘটনায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পয়গাম আলীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিএনপি। গতকাল এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই মামলা প্রত্যাহারের দাবি জানান।