বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় প্রার্থীকে জয়ী করতে নানা কারচুপির সন্দেহ প্রকাশ করে ‘বিচার বিভাগীয় তদন্ত’ দাবি করেছে বিএনপি।
গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবির কথা জানান। তিনি বলেন, ‘বাহ্যিকভাবে সুষ্ঠু নির্বাচনের বাতাবরণ সৃষ্টি করে সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এতে সত্যিকার অর্থে গণ রায়ের প্রতিফলন ঘটলে আমরা সেটিকে শুভেচ্ছা জানাই। তবে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানের কারচুপির অভিযোগকে উড়িয়ে দেওয়া যায় না।’
রিজভী বলেন, ‘ধানের শীষের প্রার্থীর অভিযোগকে আমলে নিয়ে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। সে জন্য গতকালের নির্বাচনের ভোট গ্রহণ, গণনা, ফলাফল ইত্যাদি বিষয় নিয়ে বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।’
রিজভী অভিযোগ করেন, নারায়ণগঞ্জের ১৭৪টি কেন্দ্রের মধ্যে ১৪৪টির স্বাক্ষরিত ফলের অনুলিপি বিএনপির এজেন্টদের সরবরাহ করা হয়নি। ধানের শীষের প্রার্থী অভিযোগ করেছেন একটি কেন্দ্রে মোট ভোট পড়েছে এক হাজার, অথচ সেখানে ঘোষণা করা হয়েছিল নৌকা প্রতীকে ৮০০ ও ধানের শীষ ৫০০। সাংবাদিক ও এজেন্টরা ওই অভিযোগ করলে প্রিসাইডিং অফিসার ফল পাল্টে দেন।
রিজভী বলেন, ‘আমরা বলে আসছিলাম, এই নির্বাচনের সুষ্ঠু পরিবেশের আড়ালে সরকারি ভেল্কিবাজির কোনো মহড়া চলছে কি না। জনগণের রায়কে পাল্টে ফেলার চেষ্টা হচ্ছে কি না। কারণ এবার নির্বাচনের ৭২ ঘণ্টা পূর্ব থেকে এলাকার বাইরের লোকজনদের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়, যা নজিরবিহীন। এত আগে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ করাও সন্দেহজনক।’