সরকারের প্রতি ইঙ্গিত করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, তারা শুধু বিচার বিভাগে হস্তক্ষেপ করতে চাচ্ছে না, সুপ্রিম কোর্টের ওপর খবরদারি করতে চাচ্ছে। তারা মন্ত্রণালয়ে প্রভাব খাটাতে চায়। প্রশাসন চায় বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করতে।
গতকাল মঙ্গলবার রাতে বগুড়া সার্কিট হাউসে জেলার বিচারক, সরকারি কৌঁসুলি, পুলিশ ও প্রশাসনসহ বিচারের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এস কে সিনহা এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগকে রোলমডেল হিসেবে চালু করেছিলাম। প্রশাসন থেকে বাধাগ্রস্ত করা না হলে বিচারব্যবস্থায় অনেক পরিবর্তন আসত।’
এস কে সিনহা বলেন, ‘যোগ্যতার ভিত্তিতে বিচার-বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ জেলায় পদায়ন ও বদলির জন্য সুপারিশ করা হয়। এখনো অনেক জেলায় জেলা জজ পদ তিন মাস-ছয় মাস ফাঁকা পড়ে রয়েছে। আমরা এত বিবেচনা করে দিয়ে দিই, কিন্তু মন্ত্রণালয় তা আটকে দেয়।
দুধের গন্ধ যায়নি এমন একজন কর্মকর্তা, তিনিও প্রেষণে বিচার বিভাগ থেকে মন্ত্রণালয়ে গিয়ে আমলা হয়ে যান। বিচার বিভাগকে এটা শেষ করে দিচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি করছে, যাঁরা বিচার বিভাগ থেকে প্রেষণে যান।’
প্রধান বিচারপতি বলেন, সরকারের কিছু কিছু আইন দ্রুত হয়ে যায়। আইন কমিশনে বিজ্ঞ লোক রয়েছেন। অথচ দেশের গুরুত্বপূর্ণ একটা আইনও আইন কমিশনের সঙ্গে পরামর্শ করে হয় না।
এস কে সিনহা আরও বলেন, সরকারের একটা মহল থেকে বলা হচ্ছে, বিচার বিভাগ সরকারকে সহযোগিতা করছে না। তাদের যত অনিয়ম, তাতে বিচার বিভাগ সহযোগিতা না করলে সরকারের ৬০ ভাগ কাজ আটকে যাবে।
প্রধানমন্ত্রীর উদ্বোধন করে যাওয়ার পরও বহুতলবিশিষ্ট বগুড়া জেলা জজ আদালত ভবন নির্মাণকাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ২০১০ সালে শুরু হওয়া ২৩ মাসের কাজ ৬৫ মাসেও শেষ হয়নি। ৩১ মের মধ্যে কাজ শেষ করে কমপক্ষে চারতলা পর্যন্ত ভবন চালু করতে হবে।
প্রধান বিচারপতি বগুড়া জেলা জজ আদালত পরিদর্শন করে মামলাজট ও বিচারপ্রার্থীদের ভোগান্তিতে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আদালত পরিদর্শন করে মর্মাহত হয়েছি। ১৯৯২ সালের মামলাও এখনো বিচারাধীন রয়েছে। ১৯৮৭ সালের আপিল মামলাও নিষ্পত্তি হয়নি।’
বগুড়া জেলা ও দায়রা জজ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আসাদুজ্জামান, মুখ্য বিচারিক হাকিম এ কে এম ফজলুল হক, পাবলিক প্রসিকিউটর আবদুল মতিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি নরেশ মুখার্জি, সরকারি কৌঁসুলি (জিপি) এ এন এম মঈনুল ইসলাম, লিগ্যাল এইড প্যানেলের আইনজীবী বিনয় কুমার দাশ প্রমুখ।