বিচার বিভাগের বিরুদ্ধে জনমত সৃষ্টি বিপজ্জনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘সংবিধানের ষোড়শ সংশোধনী মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রদত্ত রায়’-এর ওপর এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবিতে বাঁ থেকে শাহদীন মালিক, মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব, এস এম আকরাম ও সৈয়দা রিজওয়ানা হাসান l ছবি: সংগৃহীত
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘সংবিধানের ষোড়শ সংশোধনী মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রদত্ত রায়’-এর ওপর এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবিতে বাঁ থেকে শাহদীন মালিক, মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব, এস এম আকরাম ও সৈয়দা রিজওয়ানা হাসান l ছবি: সংগৃহীত

বিচার বিভাগের বিরুদ্ধে জনমত সৃষ্টির চেষ্টা করা একটি বিপজ্জনক প্রবণতা। এর পরিণতি কী ভয়াবহ হতে পারে, তা কল্পনাও করা যায় না।

গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত সংবিধানের ষোড়শ সংশোধনী মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রদত্ত রায়ের ওপর এক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘স্বাধীনতার ঘোষণায় আমি দিয়ে শুরু হয়নি। এটা আমাদের দেশ। এটা আমির দেশ নয়।’ তিনি বলেন, ‘পাকিস্তানের ১৯৬২ সালের সংবিধান আমি দিয়ে শুরু হয়েছিল।’

শাহদীন মালিক বলেন, যতই দলীয় নিয়োগের কথা বলা হোক না কেন, ওখানের (আদালতের) পরিবেশটাই ন্যায়বিচারের জন্য উদ্বুদ্ধ করে। আপিল বিভাগের সাতজন বিচারপতির সবাই আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া। এই সাতজনই কিন্তু রায়ে একমত হয়েছেন। বিচার বিভাগের যে এখনো স্বাধীনতা আছে, স্বাধীনভাবে রায় দেওয়ার দৃঢ় মনোভাব আছে, তা উচ্চভাবে প্রমাণিত হলো। এ সময় তিনি বলেন, ‘৭০ অনুচ্ছেদের ভবিষ্যৎ আমার কাছে উজ্জ্বল ঠেকছে না। হাইকোর্ট সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মানতে বাধ্য। এখন দেখা যাক, কী হয়।’

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রায় নিয়ে কথা বলা এটা স্বাভাবিক। রায় নিয়ে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ হতে পারে। কিন্তু আজকের যে বিতর্কের ধারা, এটা সঠিক মনে হচ্ছে না। বিতর্কের ধারাটা এমন হয়ে গেছে যে আমি বড় না, তুমি বড়। এটা আসলে কোনো সুস্থ ধারা না। আইনের শাসন মানতে চাইলে আদালতের রায় মানতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আদালত এর আগে পাঁচটি সংশোধনী বাতিল করেছিলেন। তার মধ্যে তিনটি সংশোধনী আপনারা অত্যন্ত আনন্দিত চিত্তে গ্রহণ করেছিলেন। ত্রয়োদশ সংশোধনী বাতিল হওয়ার পর কত খুশি হয়েছিলেন। নিয়ম ভেঙে সাবেক বিচারপতিকে আইন কমিশনের চেয়ারম্যান বানিয়েছিলেন। তিনি বলেন, ‘ভারতে আটটি সংশোধনী উচ্চ আদালত বাতিল করেছেন। পাকিস্তানে তিনজন প্রধানমন্ত্রীকে উচ্চ আদালত বাতিল করেছেন। উচ্চ আদালতের যে ক্ষমতা, সেটা ১৯৭২ সালের সংবিধান প্রণীত ক্ষমতা।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিচার বিভাগের বিরুদ্ধে জনমত সৃষ্টির চেষ্টার পরিণতি ভয়াবহ হতে পারে। তিনি বলেন, ‘সরকারে যাঁরা আছেন, তাঁরাও কিন্তু কনটেম্পট অব কোর্টের (আদালত অবমাননা) আওতায় পড়ে গেছেন। মামলা হবে, মামলা হতে পারে। মামলা কেউ করলে মামলা হবে। পার্লামেন্টের বাইরে বিচার বিভাগকে হুমকি দেওয়া, থ্রেট করা ডেনজারাস (বিপজ্জনক)। এটা কল্পনাই করা যায় না।’ তিনি প্রধানমন্ত্রীকে অত্যন্ত শান্ত মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, ‘আমাদের সংস্কৃতিতে, আমাদের সামগ্রিক বিষয়ের ওপরে যে অবক্ষয়ের ছাপ, সেখানে গণতন্ত্র থাকার তো কোনো সুযোগ নেই। বিচার বিভাগ সামগ্রিকভাবে সরকারের বিরুদ্ধে কোনো রায় দেয়নি। বিচার বিভাগ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সমস্ত বিষয় বিবেচনা করে একটা লক্ষ্যাভিমুখী দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেটা মানা উচিত।’

আলোচনায় জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম প্রমুখ বক্তব্য দেন।