বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে থাকলে বিচার বিভাগের স্বাধীনতা গুরুতরভাবে ক্ষুণ্ন হবে এমন আশঙ্কা করছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল হক গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই আশঙ্কা প্রকাশ করে বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দিয়ে আইন পাস হলে সরকারের নির্বাহী বিভাগ ও জাতীয় সংসদের সঙ্গে উচ্চ আদালতের দ্বিমত সৃষ্টি হলে উচ্চ আদালত স্বাধীন অবস্থান হারাবেন।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সংসদের রাজনৈতিক ও নৈতিক গ্রহণযোগ্যতা নেই। জনগণের ভোটে তাঁরা নির্বাচিত নন বলে জনগণের কাছে এই সংসদের দায়বদ্ধতা নেই। তাই এ ধরনের একটি সংসদের কাছে বিচারপতিদের অপসারণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা যায় না।
বিবৃতিতে বিচারপতিদের অভিশংসনের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রয়োজনীয় সংস্কার ও এর দুর্বলতা দূর করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ‘সংবেদনশীল’ ও ‘গুরুত্বপূর্ণ’ এই বিষয়ে জনগণসহ সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে অগ্রসর হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।