বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে হবে: মইনুল
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন বলেছেন, গণতন্ত্র রক্ষা করে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে হবে এবং আইনের শাসন রক্ষা করতে হবে। গণতন্ত্রকে মেরে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা ‘গোড়া কেটে মাথায় পানি ঢালার’ মতো।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথককরণ বিষয়ে ‘পৃথককরণের আট বছর’ শীর্ষক এক আলোচনা সভায় মঈনুল হোসেন এসব কথা বলেন। আয়োজক ছিলেন মানবাধিকার সংগঠন হিউম্যানিটি ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এ আই মাহবুব উদ্দিন আহমেদ। সঞ্চালক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।
বর্তমান জাতীয় সংসদকে হাস্যকর বলে মন্তব্য করে মইনুল হোসেন বলেন, এটা অনেকটা দুধও খাবে কলাও খাবে—এমন। অর্থাৎ, ক্ষমতায়ও থাকব, বিরোধী দলেও থাকব। তিনি বলেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার হওয়া সত্ত্বেও বিচার বিভাগকে পৃথক্করণের কাজটা তাঁরা করতে পেরেছিলেন।
বিশিষ্ট এই আইনজীবী বলেন, ‘আমরা বলি বিচার বিভাগকে পৃথক করা দরকার। কিন্তু বিচারক আমার। তাহলে বিচার বিভাগ পৃথক হলো কীভাবে?’
সাংবাদিক ও আইনজীবীদের গণতন্ত্র রক্ষার প্রথম কাতারের সৈনিক উল্লেখ করে মইনুল হোসেন বলেন, কিন্তু তাঁরা দ্বিধা বিভক্ত হয়ে আওয়ামী লীগ ও বিএনপির হয়ে গেছেন। সাংবাদিক বা আইনজীবী গণতন্ত্র ধ্বংসর সহায়ক হতে পারে না। প্রেসক্লাব, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দ্বিধা বিভক্ত। এঁরা যদি আওয়ামী লীগ ও বিএনপিতে বিভক্ত হয়ে যায়, তাহলে জনগণের শক্তি কোথায়—এমন প্রশ্ন রাখেন তিনি।
সাবেক বিচারপতি আমির উল কবীর চৌধুরী বলেন, ‘বিচার বিভাগ পৃথক্করণের রায়ে যে ১২ দফা ছিল, তা রাষ্ট্র বাস্তবায়ন করেনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আকাশে ঘুড়ি ছেড়ে নাটাই নিজের কাছে রেখেছি।’ ম্যাজিস্ট্রেসি আলাদা করা হয়েছে ঠিকই, কিন্তু নিয়োগ, বদলি, পদোন্নতি সবই নির্বাহী বিভাগের হাতে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।