বিচারিক আদালতের বিচারক মো. মোতাহার হোসেনকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিন কোটি টাকা ঘুষ দিয়েছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গতকাল শুক্রবার মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ দাবি করেন।
শেখ সেলিম বলেন, রায় ঘোষণা করে সেই রাতেই বিচারক দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কারণ, তিনি জানতেন নিম্ন আদালতে দেওয়া রায় ঠিক হয়নি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী ২০১৪ ও ২০১৫ যেভাবে আগুনসন্ত্রাসীদের দমন করেছেন, ঠিক একইভাবে এবারও সন্ত্রাস নির্মূল করা হবে।’
মহানগর সার্বজনীন পূজা কমিটির বিদায়ী সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন ও সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডি এন চ্যাটার্জি, সদস্যসচিব শ্যামল কুমার রায় প্রমুখ।
নতুন কমিটি: মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মেলনে আগামী দুই বছরের জন্য ৭১ সদস্যের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ডি এন চ্যাটার্জিকে এই কমিটির সভাপতি ও অ্যাডভোকেট শ্যামল কুমার রায়কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।