বিচারকদের অভিশংসন বিচার বিভাগকে দলীয়করণের প্রচেষ্টা

বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদকে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বিচার বিভাগকে দলীয়করণ করার একটি অশুভ প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, ‘বিচার বিভাগে যাঁরা বিচারক রয়েছেন, তাঁদের একটা ভীতির মধ্যে রাখার জন্য এই দলীয় প্রচেষ্টা হচ্ছে বলে মনে করি।’
আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে সমিতির পক্ষ থেকে এ বিষয়ে মতবিনিময় হয়।
মতবিনিময় শেষে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বিচার বিভাগকে সম্পূর্ণভাবে দলীয়করণ করার জন্য এই অশুভ প্রচেষ্টা নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আইনজীবী সমিতির পক্ষ থেকে দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে দেশে আইনের শাসন রক্ষার জন্য আমরা আন্দোলন করতে চাচ্ছি। আন্দোলনটি কীভাবে হবে, আজ তা নিয়েই জ্যেষ্ঠ আইনজীবী, সমিতির সভাপতি ও সম্পাদক যাঁরা আছেন, তাঁদের নিয়ে প্রাথমিক আলোচনায় বসেছিলাম।’
খন্দকার মাহবুব বলেন, ‘আরও বৃহত্তর আকারে আন্দোলনের জন্য জ্যেষ্ঠ আইনজীবী যাঁরা দেশে নাই, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে। আন্দোলনটা কীভাবে সঠিকভাবে ও সর্বদলীয়ভাবে হয়, সে লক্ষ্যে আগামী সোমবার বসা হবে।’
আন্দোলনের গতি-প্রকৃতি কী হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘আইনজীবীরা আন্দোলন করবেন। সারা দেশের লোক এ আন্দোলনে একাত্ম করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব, দেশে আইনের শাসন রক্ষার যে আন্দোলন, এটা সম্পূর্ণ অরাজনৈতিক হবে।’
এর আগে বেলা সোয়া একটা থেকে সোয়া দুইটা পর্যন্ত আইনজীবীদের মধ্যে আলোচনা চলে। এ সময় আইনজীবী মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এ জে মোহাম্মাদ আলী, এ বি এম নুরুল ইসলাম, জয়নুল আবেদিন, মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা, মাসুদ আহমেদ সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।