বিচারপতি খায়রুল হক সরকারের দালালি করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ বলেছেন, সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছেন। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক প্রতিবাদ সমাবেশে মওদুদ আহমদ এ কথা বলেন।

মওদুদ আহমদ প্রশ্ন করেন, একজন সাবেক প্রধান বিচারপতি হয়ে কী করে তিনি বর্তমান প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতির বিরুদ্ধে অবস্থান নিলেন? তিনি বলেন, ‘খায়রুল হক একজন সরকারি বেতনভোগী কর্মকর্তা। সুপ্রিম কোর্টের রায় নিয়ে বক্তব্য দিয়ে তিনি আইন লঙ্ঘন করেছেন। এখন তিনি পদত্যাগ করলে ধরে নেব, তিনি একজন সত্যবাদী মানুষ। অন্যথায় মনে করব, তিনি সরকারের দালাল হিসেবে রায় নিয়ে বক্তব্য দিয়েছেন।’ আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, সরকারের শেষ সময়ে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে তাদের মাথাব্যাথা শুরু হয়েছে। তিনি সরকার-সমর্থক আইনজীবীদের উদ্দেশে বলেন, রাজনীতি করতে চাইলে ৩২ নম্বরে বা টুঙ্গিপাড়ায় গিয়ে করেন। এখানে বিভক্তি সৃষ্টি করবেন না।

জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় ও আইনজীবী নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন, তৈমুর আলম খন্দকার, বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল প্রমুখ।