বিচারপতি শামসুদ্দিনের গ্রেপ্তার দাবি রিজভীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতে বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ‘দ্বৈত নাগরিকত্বের’ কথা গোপন রেখেছিলেন বলে অভিযোগ তুলে তাঁর গ্রেপ্তার ও বিচার দাবি করেছে বিএনপি।
গতকাল শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ ও দাবির কথা জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে গ্রেপ্তার করে বিচার শুরু করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে ‘ব্ল্যাকশিপ’ আখ্যা দিয়ে রিজভী বলেন, একজন বিচারপতির কী করে দ্বৈত নাগরিকত্ব থাকতে পারেন? এটা সম্পূর্ণরূপে অনৈতিক। এ ধরনের ব্যক্তি কখনোই নিরপেক্ষ বিচার করতে পারেন না। দ্বৈত নাগরিকত্বের বিষয়টি লুকিয়ে রেখে দায়িত্ব পালনের জন্য শামসুদ্দিন চৌধুরীর বিচার হওয়া উচিত।
ইউপি নির্বাচন: রিজভী অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে তাঁদের দলের প্রার্থী ও নেতা-কর্মীদের গ্রেপ্তার, ভয়ভীতি দেখানো হচ্ছে। সাতক্ষীরায় এক যুবদল নেতা ব্যাংকে টাকা জমা দিতে গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জয়পুরহাটে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির আবদুর রবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়। এখনো তাঁর খোঁজ পাওয়া যায়নি।