বিচারবহির্ভূত বর্বর হত্যা বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তি রক্ষার নামে ক্ষমতাসীনদের শীর্ষ পর্যায় থেকে দেখামাত্র গুলি, বিচারবহির্ভূত হত্যা এবং দলীয় সন্ত্রাসীদের আইন হাতে তুলে নেওয়ার উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
জোটের দাবি গ্রেপ্তার, গুম-খুন, নাশকতা ও অন্তর্ঘাত চালিয়েও শেষরক্ষা হচ্ছে না দেখে সরকার এখন কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যার তাণ্ডবে মেতে উঠেছে।
গতকাল বুধবার এক বিবৃতিতে ২০-দলীয় জোট এ অভিযোগ ও দাবি করে। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান জোটের পক্ষে গণমাধ্যমে এই বিবৃতি দেন। এতে ‘বিচারবহির্ভূত বর্বর হত্যালীলা বন্ধ করতে’ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বন্দুকযুদ্ধের নামে রাজধানীতে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি, নড়াইল পৌরসভার জামায়াত-সমর্থিত কাউন্সিলর ইমরুল কায়েস, চাঁপাইনবাবগঞ্জের ছাত্রদল নেতা মতিউর রহমানকে বিচারবহির্ভূত হত্যার দৃষ্টান্ত উল্লেখ করা হয়। আটকাবস্থায় এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে জোট। এ ছাড়া অবরোধ চলাকালে নাটোরের ছাত্রদলের রাকিব হোসেন, সিংড়ার রায়হান আলী, বেগমগঞ্জের মহসিনউদ্দীন, সোনাইমুড়ির মোরশেদ আলম, রাজশাহীতে বিএনপির মজিরউদ্দীন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মন্তাজ আলী, চুয়াডাঙ্গার সিরাজুল ইসলাম ও নোয়াখালীর সেনবাগে যুবদলের মিজানুর রহমানকে হত্যার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের দায়ী করা হয়।
অবরোধ চলাকালে সহিংসতা ও নাশকতার জন্য ক্ষমতাসীনদের দায়ী করা হয় বিবৃতিতে।
২০-দলীয় জোট বলেছে, ‘আমরা মনে করি, সন্ত্রাস ও নিরপরাধ মানুষের ওপর হামলার প্রতিকার ও বিচার অবশ্যই হতে হবে। এর জন্য সত্যিকার অপরাধীদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের মাধ্যমে তাদের শাস্তি দিতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা ও সন্ত্রাসীদের “খুনের ছাড়পত্র” দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যার চক্রান্তের বিরুদ্ধে আমরা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছি।’
প্রধানমন্ত্রী ‘মিথ্যাচার’ করেছেন: গতকাল পৃথক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কিবর রিজভী বলেছেন, খালেদা জিয়াকে তাঁর নিজ কার্যালয়ে ইট, বালু ও কাঠের ট্রাকসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে অবরুদ্ধ করে রাখার পরও তাঁকে অবরুদ্ধ করা হয়নি বলে প্রধানমন্ত্রী জাতির সামনে মিথ্যাচার করেছেন।
‘সারা দেশে অবরোধ কর্মসূচি দিয়ে খালেদা জিয়া মানুষ হত্যা করছেন, তাঁকে বিচারের মুখোমুখি করা হবে’ বলে গত মঙ্গলবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে রিজভী এটাকে আরেকটি মিথ্যাচারের অবতারণা বলে মন্তব্য করেন।