বিচারবহির্ভূত হত্যা উদ্বিগ্ন সিপিবি-বাসদ ও ওয়ার্কার্স পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রসফায়ারের নামে একের পর এক বিচারবহির্ভূত হত্যার তীব্র প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শুক্রবার পৃথক বিবৃতিতে দল তিনটি এই প্রতিবাদ ও উদ্বেগের কথা জানায়।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে গত কয়েক দিনে ‘ক্রসফায়ারে’ যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীসহ কয়েকজনের বিচারবহির্ভূত হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, যেকোনো হত্যাকাণ্ডই দুর্ভাগ্যজনক। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা কোনোভাবেই গ্রহণীয় নয়। এতে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে, যা কারও জন্য মঙ্গলজনক নয়।
বিবৃতিতে মেনন ও বাদশা বলেন, ‘সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতি আমরা জোর সমর্থন করি। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে তাদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ে বিচার করা এবং শাস্তির ব্যবস্থাই জনমনে আইনের শাসনের প্রতি আস্থা তৈরি করবে।’
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘ক্রসফায়ারের নামে হত্যার মতো চরম বেআইনি পদক্ষেপকে সাধারণ মানুষের কাছে বৈধতা দিতে পুলিশ ও র্যা ব এখন সরকারদলীয় কর্মীদেরও ক্রসফায়ারের নামে হত্যা করছে। এটা এক নির্মম তামাশা ছাড়া আর কিছুই নয়।’
সিপিবি-বাসদ সব অপরাধী ও সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করা এবং সব হত্যার বিচার দাবি করে বিবৃতিতে বলেছে, বিনা বিচারে মানুষ হত্যা করার ক্ষমতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার অর্থ বিচারব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। বিচারহীনতার এই ধারা গণতন্ত্রকে আরও বিপন্ন করে নৈরাজ্য ও ষড়যন্ত্রের পথকে শক্তিশালী করবে। বিজ্ঞপ্তি।