আর একটি বিচারবহির্ভূত হত্যা হলে, গুম-অপহরণ বন্ধ না হলে এর সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর শাস্তির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। তারা বলেছে, খুনি ও অত্যাচারীদের ভবিষ্যতে আর কোনো ছাড় দেওয়া হবে না।
গতকাল শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে ২০-দলীয় জোটের পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সই করা বিবৃতিতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যদের প্রতি বিচারবহির্ভূত হত্যা বন্ধ, বিরোধী দলের নেতা-কর্মী ও জনগণের ওপর জুলুম-নির্যাতন, গুলি করে আহত করা, পাইকারি গ্রেপ্তার, বাড়িঘরে হানা বন্ধ করার আহ্বান জানানো হয়। এতে শাসক দলের ‘মদদপুষ্ট সন্ত্রাসীদের’ নিরাপত্তা না দিয়ে গ্রেপ্তারেরও আহ্বান জানানো হয়।
গত ২১ দিনে রাজধানীসহ বিভিন্ন স্থানে র্যাব, গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ ও পুলিশের গুলিতে ১৪ জন নিহত হন। এর মধ্যে পুলিশের গুলি ও ‘বন্দুকযুদ্ধের’ তিনটি ঘটনায় গত ২৪ ঘণ্টার মধ্যে নিহত হন তিনজন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা, একজন জামায়াতে ইসলামীর কর্মী ও অন্যজন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি।
বিবৃতিতে ২০ দলের নেতা-কর্মীদের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতিটি পদক্ষেপ ও কার্যকলাপ সতর্ক পর্যবেক্ষণে রাখতে নির্দেশনা দিয়ে বলা হয়, খুনি, নির্যাতনকারী ও গণবিরোধী ভূমিকা পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের অপকর্ম ও নাম-পরিচয় তালিকাভুক্ত করে রাখবেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে রাখবেন। ভবিষ্যতে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ২০ দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকলাপের বিষয়ে মানবাধিকার প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার দৃষ্টি আকর্ষণ করতে আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে পরিস্থিতি পর্যালোচনা করে সচেতন হতে এবং নিজ নিজ বিবেকের কাছে প্রশ্ন করে সুবিবেচনা অনুযায়ী কাজ করার অনুরোধ জানানো হয়েছে। বলা হয়েছে, পুলিশ-বিজিবি-আনসার-র্যাব হচ্ছে রাষ্ট্রের তথা জনগণের বাহিনী। কোনো দলকে রক্ষা করা নয়, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের দায়িত্ব। অথচ আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ক্ষমতাসীনেরা কূটকৌশলে ঠেলে দিচ্ছে জনগণের আন্দোলনের বিরুদ্ধে। এটা তাদের অনুধাবন করতে হবে।
বিবৃতিতে মানবাধিকার রক্ষা করে নিরপেক্ষতা বজায় রেখে আইনসম্মতভাবে কাজ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।