বিচারবহির্ভূত হত্যার বিচার বিভাগীয় তদন্ত চাই: ফখরুল
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে মূলত ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাদারীপুরে কলেজশিক্ষক হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ও রিমান্ডে থাকা আসামি গোলাম ফয়জুল্লাহ ফাহিম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। সাম্প্রতিক এ ধরনের আরও ঘটনার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এই ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা বরাবরই করে এসেছি, এখনো করছি এবং এ ধরনের হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত চাইছি। অবিলম্বে তা বন্ধ হওয়া উচিত।’ ফাহিমের মৃত্যুর বিষয়ে িতনি বলেন, এটা সম্পূর্ণভাবে আইনবহির্ভূত ব্যাপার। কোনোভাবে রিমান্ডে থাকা অবস্থায় একজনকে এভাবে হত্যা করা জাতি মেনে নিতে পারে না।
মির্জা ফখরুল বলেন, সরকারের পক্ষ থেকে ‘ক্রসফায়ারের’ হুমকি দেওয়ার পর পুলিশ হত্যার লাইসেন্স পেয়ে যায়। পুলিশ প্রধানমন্ত্রীর ক্রসফায়ারের হুমকিকে সর্বোচ্চ ব্যবহার করে।
তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে অরুচিকর, কুৎসাপূর্ণ, অসংস্কৃত, উসকানিমূলক ও ভয়ংকর প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেন ফখরুল। তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আজ সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল ও ছাত্রদল।