
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা বিচারের জন্য কারাগারে আদালত বসানো নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে আজ রোববার দুপুরে সাক্ষাৎ করেছেন তাঁর আইনজীবীরা। এ ক্ষেত্রে ‘বিচারিক ক্ষমতার অপব্যবহার’ করে সীমা লঙ্ঘনকারী বিচারিক কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী অনুসন্ধান করে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতির কাছে একটি লিখিত আবেদনও দিয়েছেন তাঁরা।
খালেদার আইনজীবীদের সাক্ষাতের পর পরই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে আসেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রধান বিচারপতির খাসকামরায় গিয়ে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী। প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে ঈদের পর সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। পারিবারিক কারণে এত দিন দেখা করতে পারিনি। আজ মনে করলাম যে ঈদের সাক্ষাৎ করা দরকার।’
এর আগে বেলা ১টা ২০ মিনিটের দিকে প্রধান বিচারপতির খাসকামরায় তাঁর সঙ্গে দেখা করতে যান খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জমির উদ্দিন সরকার, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, মীর নাসির উদ্দীন ও এম বদরুদ্দোজা। প্রায় আধা ঘণ্টা পর তাঁরা বেরিয়ে আসেন।
সাক্ষাতের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করে রাতের বেলা নিয়ম ও আইনবহির্ভূতভাবে জেলখানার একটি কক্ষকে কারাগার হিসেবে পরিগণিত করে একটি অস্থায়ী আদালত স্থাপন করা হয়েছে। আইনজীবীদের কোনো জুডিশিয়াল নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি।’
প্রধান বিচারপতির কাছে কী বলা হয়েছে বা তিনি কী বলেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, ‘আমরা মনে করেছি সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের অভিভাবক হচ্ছেন প্রধান বিচারপতি। হাইকোর্ট রুলস ১৯৭৩ অনুসারে এই ধরনের গেজেট নোটিফিকেশন করার ক্ষমতা সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা না করে এই ধরনের কোর্ট স্থাপন করে প্রজ্ঞাপন জারি করা আইনসম্মত হয়নি, এ কথাগুলো বলেছি। বলেছি, প্রধান বিচারপতি বিচার বিভাগের অভিভাবক। আমরা মনে করি আপনার সুপ্রিমিসি এবং মাসদার হোসেন মামলার রায়ের আলোকে সুপ্রিম কোর্টে সুপ্রিমিসি অবশ্যই থাকতে হবে। আপনার (প্রধান বিচারপতি) সঙ্গে আলোচনা না করে রাতের অন্ধকারে এ ধরনের প্রজ্ঞাপন জারি বিচার বিভাগের জন্য খুবই দুঃখজনক। কোনো বিচারালয় এইভাবে স্থানান্তর করতে পারে না। প্রধান বিচারপতি ধৈর্যের সঙ্গে আমাদের কথা শুনেছেন ও আবেদন গ্রহণ করেছেন। আমরা আশাবাদী তিনি বিষয়টি বিবেচনা করবেন। উনি বলেছেন সার্বিক বিষয়টি উনি গুরুত্ব সহকারে দেখবেন।’
‘বিচারিক কর্মকর্তা’ বলতে কাদের বোঝানো হয়েছে? এমন প্রশ্নে জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের নির্বাহীদের বোঝানো হয়েছে।
আবেদনের অংশবিশেষ
আইনজীবী সূত্র বলেছে, খালেদা জিয়ার স্বাস্থ্যগত দিক ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালত স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের পক্ষ থেকে সাক্ষাতের সময় প্রধান বিচারপতির কাছে একটি লিখিত আবেদন দেওয়া হয়।
আবেদনে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ–সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায় ও সংবিধানের ১১৬ অনুচ্ছেদ তুলে ধরা হয়েছে। ১১৬ অনুচ্ছেদ বলছে, ‘বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্বপালনে রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি দান, ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলা বিধানে রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হবে।’
আবেদনের ভাষ্য, ঢাকার বিশেষ আদালত-৫ স্থানান্তরের ক্ষেত্রে মন্ত্রণালয় ওই প্রজ্ঞাপন জারি করে নির্বাহী ক্ষমতা চর্চা করেছে, যেখানে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বিষয়টি উপেক্ষা করা হয়েছে। সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন সব আদালতের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের ক্ষমতা হাইকোর্ট বিভাগের ওপর ন্যস্ত। সুপ্রিম কোর্টের অনুমোদন ছাড়া ওই আদালত স্থানান্তর বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত। এ ধরনের কাজে সর্বোচ্চ আদালতের মর্যাদা ও ভাবমূর্তি খাটো করা হয়েছে। বিচার বিভাগ পৃথকসংক্রান্ত গেজেট প্রকাশের পর নির্বাহীর আদালত স্থানান্তর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই।
প্রকাশ্য আদালত সংক্রান্ত সংবিধানের ৩৫(৩) ও ফৌজদারি কার্যবিধির ৩৫২ ধারা তুলে ধরা হয়েছে আবেদনে। বলা হয়েছে, কেন্দ্রীয় কারাগার সুরক্ষিত ভবন যেখানে জনগণের প্রবেশ নিষেধ। জনগণের ওখানে সাধারণভাবে যাওয়ার সুযোগ নেই। এমন জায়গায় স্থানান্তরের ফলে খালেদা জিয়ার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকারও ক্ষতিগ্রস্ত হবে।
আবেদনে বলা হয়, খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ, তিনি হাঁটতে পারছেন না। এ অবস্থায় বিচারের আগে তার চিকিৎসা প্রয়োজন। সরকার নিজেও অস্বীকার করেছে তিনি অসুস্থ। তারপরও সংশ্লিষ্ট আদালত তার পছন্দমতো কোনো চিকিৎসক দিয়ে তার চিকিৎসার জন্য যথাযথ কোনো পদক্ষেপ নেননি।
আরও বলা হয়, কারাগারের তালিকা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারকে এখনো বাদ দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কারাগারকে আদালত ঘোষণা বেআইনি, অনুরূপভাবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা আইনগত কর্তৃত্ববহির্ভূত।
খালেদার আইনজীবীর সাক্ষাতের পর পরই আইনমন্ত্রী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন।
চিকিৎসা সেবা চেয়ে রিট
খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী।
খালেদা জিয়ার পক্ষে আইনজীবী নওশাদ জমির রিটটি দায়ের করেন। পরে নওশাদ জমির প্রথম আলোকে বলেন, ইউনাইটেড বা বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বিশেষ বোর্ড গঠন এবং এখন পর্যন্ত তাঁর চিকিৎসাসেবা-সংক্রান্ত যাবতীয় নথিপত্র আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে এতে। খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রিট আবেদনে রুল চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, আইজি (প্রিজন), ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারসহ সাতজনকে রিটে বিবাদী করা হয়েছে বলে জানান এই আইনজীবী।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত স্থানান্তরে প্রজ্ঞাপন বাতিল চেয়ে গেল সপ্তাহে খালেদা জিয়ার পক্ষে এই আইনজীবী আইনি নোটিশ পাঠিয়েছিলেন। এতে ৮ সেপ্টেম্বরের মধ্যে ওই গেজেট বাতিল করতে অনুরোধ জানানো হয়েছিল।
এ বিষয় জানতে চাইলে নওশাদ জমির বলেন, ‘এখনো আইনি নোটিশের জবাব পাইনি। জবাব না পেলে রিট আবেদন দায়ের করা হবে।’