বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সম্মেলন, হলো না কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর গত সোমবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন হলেও শেষ পর্যন্ত তা কমিটি গঠন ছাড়াই শেষ হয়।

সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন হোসেন অভিযোগ করে বলেন, জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের কারণেই এত দিন সম্মেলন হয়নি। এদিকে সোমবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম পাল্টা অভিযোগ করে বলেন, জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে না জানিয়ে সম্মেলন অনুষ্ঠানের চেষ্টা করা হয়েছে। বিশেষ একটি মহলের চাপে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের দুজন সদস্য সোমবার দিনাজপুরে আসেন। কিন্তু সাধারণ সদস্যদের প্রতিরোধের মুখে তাঁরা জেলা সম্মেলন সম্পন্ন করতে পারেননি।

এদিকে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে সোমবার সকাল ১০টায় জেলা মহিলা লীগের সম্মেলন উদ্বোধন করার কথা থাকলেও এর ৩০ মিনিট আগে একদল যুবক মঞ্চ তছনছ করেন। তাঁরা ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে বেলা ১১টায় পুলিশ পাহারায় সম্মেলনের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন হোসেন, সদস্য স্মৃতিকণা বনশ্রী মঞ্চে আসেন। পরে জেলা মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য লুলু আফসারের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। দুপুর ১২টায় আজিজুল ইমাম বক্তব্য দেওয়ার সময় মঞ্চের টিনের ছাদে কয়েকটি পটকা বিস্ফোরিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ মনোরঞ্জনশীল গোপাল বলেন, জেলা মহিলা লীগের নতুন কমিটি আগামী দিনে দিনাজপুরে শক্ত সাংগঠনিক ভিত্তি গড়ে তুলবে।

ইয়াসমিন হোসেন বলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল ও সম্পাদক তারিকুন বেগম আজ মঞ্চে নেই। অথচ তাঁদের সঙ্গে আলোচনা করেই সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। মাত্র তিন দিন আগে সভাপতি জানিয়েছেন, কাউন্সিল করা সম্ভব হবে না। তাঁরা ২২ বছর ধরে যে পদে আছেন, আসলে ওই পদ ছাড়তে চান না।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, তিনি মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আশরাফুন্নেছা মোশাররফের অনুরোধে সম্মেলনে প্রধান অতিথি হয়েছেন। আওয়ামী লীগ বৃহৎ একটি রাজনৈতিক দল। নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকবেই। বিরোধ থাকবে। বিরোধ মেটাতে হবে। না হলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হবে।

পরে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে পাঁচজন ও সম্পাদক পদে ছয়জন নারীনেত্রী তাঁদের নিজেদের নাম ঘোষণা করেন। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নামগুলো লিখে নিয়ে বলেন, ঢাকায় গিয়ে কেন্দ্রীয় কমিটিতে আলোচনা করা হবে। প্রয়োজনে ঢাকায় বা দিনাজপুরে পুনরায় এসে বড় পরিসরে সবাইকে নিয়ে সম্মেলন হবে।

এদিকে দিনাজপুর প্রেসক্লাবে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ডাকা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ সুলতানা বুলবুল। এতে শহর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ক্রিস্টিনা লাভলী দাস, যুগ্ম আহ্বায়ক সেহেলী আকতার, মহিলাবিষয়ক সম্পাদক হাসিনা আকতার, সদস্য আনছারা বেগম, সম্পা দাস, গৌরী চক্রবর্তী, শাহনাজ পারভীন, শাহনাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সুলতানা বুলবুল বলেন, ১৪ বছর ধরে সম্মেলন হয়নি এ কথা ঠিক। কেন্দ্রীয় কমিটি সর্বশেষ গত ২৩ জুন তারিখ নির্ধারণ করেছিল। সব আয়োজন সম্পন্নও হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে কেন্দ্রীয় কমিটি থেকে জানানো হয়, তারা আসতে পারবে না। এ কারণে ওই সময় সম্মেলন হয়নি।