বিজয় পেলেও যুদ্ধ শেষ হয়নি: সৈয়দ আশরাফ

একাত্তরের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় পেলেও যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ মঙ্গলবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম এ মন্তব্য করেন। শহরের ইসলামিয়া কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
আশরাফুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুকে খাটো করার প্রচেষ্টা এখনো চলছে। কারণ হলো, যাঁরা বাংলাদেশের সৃষ্টিকে কোনো দিন মানতে পারে নাই, তারা কোনো দিনই বঙ্গবন্ধুকেও সহ্য করবে না। ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় পেলেও যুদ্ধ এখনো শেষ হয়নি।’
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের শক্তিই হলো আওয়ামী লীগ। জনগণের সংগঠন, সেই দলকে আরও গতিশীল ও সংগঠিত করতে হবে।’ তিনি বলেন, ‘আপনাদের অনেকেই বলেন, এক সময় আদর্শবানরাই রাজনীতি করেছে। ব্যবসায়ী, ঠিকাদার, এই-সেই, সাবেক আমলা, সাবেক পুলিশ অফিসার, সাবেক সেনাবাহিনী অফিসার—এই ধরনের রাজনীতিবিদ আগে ছিল না। এখন বিভিন্ন পেশার লোক রাজনৈতিক দলে আসছে। তাঁরা আসবেন, কিন্তু রাজনীতি যেন কলুষিত না হয়। আপনার বিশ্বাসের ওপর ভিত্তি করে রাজনীতি করেন, তাহলে রাজনীতিতে কুপ্রভাব পড়বে না।’
সৈয়দ আশরাফ বলেন, ‘আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং বিজয়ী হয়ে তার মাতৃভূমিকে স্বাধীন করেছে। এই রকম বিরল উদাহরণ পৃথিবীতে আওয়ামী লীগ করেছে। এ জন্য আমরা গর্বিত।’
অন্যায়কারীকে ছাড় দেন না প্রধানমন্ত্রী: হানিফ
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘আজ লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, অন্যায়কারী যত শক্তিশালী হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ছাড় দেন না।’ তিনি আরও বলেন, ‘আল্লাহ পাক রাব্বুল আলামিন ও বাংলার জনগণ যতদিন চাইবেন, ততদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। এমন কোনো শক্তি নেই তাঁকে ক্ষমতাচ্যুত করে।’
পাল্টাপাল্টি কমিটি: সন্ধ্যা ছয়টার দিকে সদর উদ্দিন খানকে সভাপতি ও আজগর আলীকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন সৈয়দ আশরাফুল ইসলাম।
অন্যদিকে, প্রায় একই সময় সংবাদ সম্মেলন ডেকে এই সম্মেলনকে অগণতান্ত্রিক দাবি করে পাল্টা কমিটি ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগের অপর একটি অংশ। কুষ্টিয়া শহরে এই অংশের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। এই অংশে সভাপতি করা হয়েছে পৌর মেয়র আনোয়ার আলীকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাংসদ আবদুর রউফকে।